ইসরাইল বিশ্বের সবচেয়ে বড় ড্রোন রফতানিকারক দেশ

বিশ্বের সবচেয়ে বড় ড্রোন রফতানিকারক দেশ হিসাবে আবারো ইসরাইলের নাম উঠে এসেছে। ড্রোন রফতানি করে দেশটি প্রতি বছর গড়ে ৬ বিলিয়ন ডলার বাণিজ্য করে আসছে। ইউরোপ, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোই মূলত তাদের প্রধান ক্রেতা। ডন সংবাদপত্রের খবরে এ কথা বলা হয়। ব্যবসার পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্রস্ট এন্ড সুলিভানের একটি সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের মোট ড্রোন রফতানির মধ্যে ইসরাইল প্রায় ১০ শতাংশ রফতানি করে। ২০১০ সালে হঠাত্ করে তাদের বিক্রি সর্বোচ্চ পর্যায় থেকে কমে আসে। তবে সম্প্রতি তারা ১০০ মিলিয়ন ডলারের ড্রোন বিক্রির চুক্তি করেছে। ভারতের ড্রোনগুলোকে আরো অত্যাধুনিক করার কাজও করবে তারা। ইসরাইল তাদের অর্ধেকেরও বেশি সংখ্যক ড্রোন ইউরোপে বিক্রি করে থাকে। সামরিক প্রযুক্তিগত উন্নয়নে ইসরাইলকে প্রথম সারির দেশ হিসাবে বিবেচনা করা হয়। নিয়মিত গাজার অবস্থা পর্যবেক্ষণে ইসরাইল ড্রোন ব্যবহার করে থাকে। অন্যদিকে আমেরিকা বেশ কয়েক বছর ধরে আফগানিস্তান এবং পাকিস্তানে সামরিক হামলা চালাতে ড্রোন ব্যবহার করে আসছে যা কিনা সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে।