দক্ষিণ কোরীয় সৈন্যরা যুদ্ধকালে নারী নির্যাতন করেছে :ওসাকার মেয়র
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:০৯
জাপানের ওসাকা নগরীর মেয়র বলেছেন, দক্ষিণ কোরিয়ার সৈন্যরা যুদ্ধের সময় নারী নির্যাতনের জন্য অপরাধী। মঙ্গলবার এক খবরে বলা হয়, মেয়র তরু হাশিমতো বলেছেন, দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী ভিয়েতনামে যুদ্ধরত সৈন্যদের হতাশা দূর করতে নারীদের যৌনকর্মে ব্যবহার করেছে। যৌন দাসত্ব সামরিক প্রয়োজন অভিহিত করে বিতর্কের ঝড় তোলার কয়েকদিন পর তিনি এ মন্তব্য করলেন। তার এ মন্তব্য দু’ দেশের মধ্যকার চলমান উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় যৌন দাসত্ব একটি বিশেষ স্পর্শকাতর বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের মনোরঞ্জনের জন্য যে দুই লাখের মতো নারীকে জোরপূর্বক পতিতালয়ে পাঠানো হয় তাদের একটি বিশালসংখ্যক ছিল দক্ষিণ কোরীয় নারী। হাশিমতো গত সপ্তাহে বলেছিলেন, এসব নারী যুদ্ধরত সৈন্যদের মানসিক চাপ কমাতে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। তার এ মন্তব্য উনিশশ’ ৩০ ও ৪০-এর দশকে জাপানের অধীন দেশগুলো ও যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড় বয়ে যায়। আশাই শিমবুনের খবরে বলা হয়, ন্যাশনাল জাপান রেস্টোরেশন পার্টির নেতা হাশিমতো সোমবার বলেন, ‘জাপানের ভূমিকা ছিল খারাপ। এটি সত্য যে আমরা যুদ্ধ ক্ষেত্রে যৌনতার সমস্যা মেটাতে নারীদের ব্যবহার করেছিলাম।’