বুদ্ধপূর্ণিমা :অহিংসার প্রতীক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। অহিংসার যেই সমস্ত জীবনদর্শন বিগত আড়াই হাজারের অধিক বত্সর ধরিয়া পৃথিবীর মানুষকে নিরন্তর উদ্বুদ্ধ ও প্রাণিত করিয়া আসিতেছে তাহার ভিতরে গৌতম বুদ্ধ নিঃসৃত দর্শন রহিয়াছে পুরোধায়। এই একবিংশ শতাব্দীতে আসিয়া মানুষের ভিতরে যেমনি করিয়া বিকাশ ঘটিয়াছে উন্নত হইতে উন্নততর মানবিক বোধের, তেমনি বিকাশ ঘটিয়াছে যুদ্ধ ও হিংসারও। এ জগত্ যেন—‘হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব’। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যুদ্ধ-হিংস্রতার নিঠুর ক্রোড়ে দুলিতেছে। অথচ পৃথিবীর নেতৃত্বস্থানীয় সকল ধর্মেই মানুষকে সত্ ও ন্যায়নিষ্ঠ পথে চালিত করিবার নির্দেশ ও বাণী রহিয়াছে। গৌতম বুদ্ধের দর্শনজাত বৌদ্ধ ধর্মও তাহার একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ আলোকিত মানবের আলোকচ্ছটা বিচ্ছুরণে বিশ্বমানবের প্রতি মৈত্রী, ভ্রাতৃত্ব, মানবতা, কল্যাণ ও মঙ্গল কামনা করিয়াছেন। সকল প্রকার পাপাচার মনোবৃত্তি পরিহার, সত্কর্মের পরিপূর্ণতা এবং স্বীয় চিত্তের পবিত্রতাসাধনই ছিল বুদ্ধের অনুশাসন বা উপদেশ। বৌদ্ধধর্মের পঞ্চনীতিতে রহিয়াছে কোনো প্রাণী বধ না করা, চৌর্যবৃত্তি না করা, কোনো অবস্থাতেই মিথ্যা না বলা, অবৈধ কামাচার না করা ও নেশাদ্রব্য গ্রহণ না করার কথা। তাই বুদ্ধের জীবনদর্শন শুধু বৌদ্ধধর্মের জন্যই নহে, সমগ্র মানব জাতির জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বুদ্ধপূর্ণিমায় একইসঙ্গে ঘটিয়াছে তিনটি গৌরবময় ঘটনা। শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাকারুণিক তথাগত বুদ্ধ খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। এই পূর্ণিমায় তিনি গয়ার নিরঞ্জনা নদীর তীরে বুদ্ধত্ব লাভ করিয়া মহাজ্ঞানের অধিকারী হইয়াছিলেন। বৈশাখী পূর্ণিমার আরেক রাতে কুশীনগরে জমকশানন বৃক্ষমূলে তিনি ৮০ বত্সর বয়সে খ্রিস্টপূর্ব ৫৪৩ অব্দে লাভ করিয়াছিলেন মহাপরিনির্বাণ। পূর্ণিমা হইতেছে পূর্ণতার প্রতীক, আলোর প্রতীক। বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ একই পূর্ণিমার আলোকোজ্জ্বল রাতে সংঘটিত হইয়াছিল বলিয়াই বৈশাখী পূর্ণিমা আজ বিশ্বব্যাপী পরিচিত বুদ্ধপূর্ণিমা অভিধায়। একই তিথিতে তিনটি বিশেষ ঘটনার সমারোহ বুদ্ধের জীবনবোধের অপূর্ব লক্ষণ হিসাবেই বিবেচনা করা হইতেছে যুগ যুগ ধরিয়া। বুদ্ধপূর্ণিমা তাই এক পরম লগ্ন, চিরস্মরণীয় তিথি। স্বভাবতই এমন তিথি বিশ্বের বৌদ্ধধর্মাবলম্বী জনগোষ্ঠীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এমন দিনে সকল মানুষেরই পুনরায় সুযোগ ঘটে গৌতম বুদ্ধের মানবতাবাদী জীবনদর্শনকে নূতন করিয়া নজরে আনিবার। বুদ্ধ দর্শনে মানুষের হূদয়বৃত্তিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হইয়াছে। মানুষের মধ্যে যে শ্রেয়বোধ কল্যাণশক্তির মহিমা নিহিত রহিয়াছে, তাহাকে উদ্বুদ্ধ করাই বৌদ্ধ দর্শনের প্রধান লক্ষ্য। বৈশাখী পূর্ণিমার এই শুভদিনে বিশ্বের সকল মানুষের অন্তর জাগ্রত হউক অহিংসার মর্মবাণীতে; সাম্য-মৈত্রী-করুণা-দয়া ও প্রেমে উদ্ভাসিত হউক সকল মানুষের হূদয়। সংশ্লিষ্ট সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানাই।