প্রসবজনিত ফিস্টুলা এড়াতে চাই ব্যাপক সচেতনতা বৃদ্ধি

আজ ফিস্টুলা দিবস। বাংলাদেশে প্রসবজনিত এই ফিস্টুলা রোগ সম্পর্কে সবাই না জানলেও এ রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গ্রামাঞ্চলে অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসবের জটিলতার কারণে অসংখ্য মা আক্রান্ত হচ্ছেন যন্ত্রণাদায়ক এই ফিস্টুলা রোগে। আমাদের দেশের শতকরা ৪০ ভাগ অধিবাসী দারিদ্র্যসীমার নিচে বাস করে। এসব পরিবারের মেয়েদের ১৫ বছর বয়সের মধ্যেই বিয়ে দেয়া হয় এবং ১৮ বছর পার না হতেই এরা প্রথম সন্তান ধারণ করে। এদের বেশিরভাগই প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী স্বাস্থ্য জটিলতাগুলো সম্পর্কে জানে না। আবার এর শতকার ৯০ ভাগের প্রসব হয়ে থাকে নিজেদের ঘরে। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যে, বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা আনুমানিক ৬০ হাজার থেকে ১ লাখ। ইউএনএফপিএ-এর অর্থায়নে এনজেন্ডারহেলথ, বাংলাদেশ ২০০৩ সালে প্রসবজনিত ফিস্টুলা পরিস্থিতির একটি জরিপ পরিচালনা করে। যাতে দেখা যায়, প্রতি ৩ হাজার বিবাহিত মহিলার মধ্যে ৫ জন প্রসবজনিত ফিস্টুলায় ভুগছেন। বাংলাদেশে ১৫-৩০ বছরের অশিক্ষিত, দরিদ্র, অজ্ঞ এবং অসচেতন মহিলারাই এই ফিস্টুলা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। ২০০২ সালে ঢাকা মেডিক্যাল হাসপাতালে সবচেয়ে বেশি ফিস্টুলা রোগী ভর্তি হয়, যার সংখ্যা ছিল ৬৩। সবচেয়ে কম ছিল রাজশাহী মেডিক্যাল হাসপাতালে—১৬ জন। জরিপে দেখা যায়, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালে ৬টি মেডিক্যাল হাসপাতালে স্ত্রীরোগ বহির্বিভাগে আসেন ২৪০ জন প্রসবজনিত ফিস্টুলা রোগী। এর মধ্যে ১৯২ জন ভর্তি হন এবং অপারেশন করান ১২৩ জন রোগী। এনজেন্ডারহেলথ, বাংলাদেশের আরেকটি জরিপে দেখা যায়, বাংলাদেশে ১০০০ বিবাহিত মহিলার মধ্যে প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা প্রায় ১.৬৯ জন। ফিস্টুলা রোগ :আন্তর্জাতিক প্রেক্ষাপট ১৮ শতকে ইউরোপ-আমেরিকায় প্রথম ফিস্টুলা রোগ পাওয়া গেলেও উনিশ-বিশ শতকের মধ্যে এর সংখ্যা নিয়ন্ত্রণে চলে আসে শুধু গর্ভকালীন সতর্কতার কারণে। তারপরও বিশ্বস্বাস্থ্য সংস্থার জরিপমতে বিশ্বে আনুমানিক ২ মিলিয়নেরও বেশি মহিলা ফিস্টুলা রোগে আক্রান্ত এবং প্রতি বছর আনুমানিক ১ লাখেরও বেশি মহিলা নতুন করে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোতে এর মাত্রা বেশি। ফিস্টুলা কি? চিকিত্সা বিজ্ঞানের পরিভাষায় ফিস্টুলা হচ্ছে দুইটি এপিথেলিয়াম প্রান্তের অঙ্গ বা ধমনী-শিরার মধ্যকার অস্বাভাবিক সংযোগপথ, যা সাধারণত যুক্ত থাকে না—এটি মূলত রোগের অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কিংবা অপারেশনের কারণে ফিস্টুলা হয়ে থাকে। গ্যাস্ট্রোইনটেসটিনাল, অ্যানাল, অবসটেট্রিক ইত্যাদি ধরনের ফিস্টুলা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে অবসটেট্রিক বা প্রসবজনিত ফিস্টুলা। প্রসবজনিত ফিস্টুলার চিকিত্সা মানেই সার্জারি বা অপারেশন। এটি একটি রিকনস্ট্রাকটিভ সার্জারি। জটিল সার্জারির ক্ষেত্রে এর চিকিত্সা সাফল্য শতকরা ৬০ ভাগ এবং সাধারণ সার্জারিতে তা শতকরা ৯০ ভাগ। এই অপারেশন মূলত তিনটি ধাপে করা হয়। প্রথমত, অপারেশনের আগে ফিস্টুলা, যোনিনালী, মলদ্বার ও প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, ক্ষত, জ্বালাপোড়া সারাতে এ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া হয়। কোন কোন ক্ষেত্রে ফেস্টুলা সারাতে ইন্ট্রাভেনাস এ্যান্টিবায়োটিক দেয়া হয়। দ্বিতীয়ত, ফিস্টুলা ইনফেকশন ঠিক হয়ে গেলে অপারেশন করতে হবে। এতে প্রথমে ফিস্টুলাটুকু পর্যবেক্ষণ করে অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে পরে সেই স্থান জোড়া লাগিয়ে ঠিক করে দেয়া হয়। তৃতীয়ত, অপারেশনের পর কিছু মহিলার প্রস্রাব-পায়খানার জন্য ক্যাথেটার ব্যবহার করতে হয়। অপারেশনের কয়েক সপ্তাহ পর্যন্ত চিকিত্সকদের নির্ধারিত খাদ্যাভাস পদ্ধতি মেনে চলতে হবে। শক্ত ও আঁশযুক্ত খাবার খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ থাকবে। নিয়মিত যৌনাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোন জ্বালাপোড়া দেখা না দেয়। চিকিত্সা না করানোর পরিণতি মাতৃমৃত্যু ও মাতৃ অসুস্থতা—এ দুইটি বিষয়েই সরকারকে অধিকতর নজর দিতে হবে। পাশাপাশি বাড়াতে হবে অর্থ বরাদ্দ ও জনমানুষের মধ্যে বৃদ্ধি করতে হবে ব্যাপক সচেতনতা। কারণ জনসচেতনা বৃদ্ধি শুধু এক-দুইটি বিজ্ঞাপন দিলেই শেষ হয়ে যায় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উপলব্ধি আনতে হবে মাতৃমৃত্যু ও প্রসব পরবর্তী মহিলাদের দীর্ঘমেয়াদি ভয়াবহ স্বাস্থ্য সমস্যাকেও। আর তাই এ খাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের যোগানও দিতে হবে। কেউ হয়তো বলতে পারেন, প্রসবজনিত রক্তক্ষরণ শুরু হলে এর চিকিত্সা করালেই তো হয়। হ্যাঁ, চিকিত্সা করানো যেতে পারে। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মধ্যরাতে যেখানে কোন দক্ষ সেবক নেই, সেখানে কিভাবে চিকিত্সা হবে? চিকিত্সার জন্য চাই ব্লাড ট্রান্সফিউশন, স্যালাইন, হাসপাতালে এনে নিবিড় পর্যবেক্ষণ, এ্যান্টিবায়োটিক শুরু করা। এ বিষয়গুলো সম্পর্কে মানুষ সচেতন হলে এর সমাধান সম্ভব। এ বিষয়ে শুধু চিকিত্সকদের প্রশিক্ষণ দিলেই এ সমস্যার সমাধান হবে না। কারণ প্রতি বছর প্রায় ১০ লাখ মা সন্তান প্রসব করছেন। কাজেই কিউরেটিভ দিক বিবেচনা করলে এটা প্রায় অসম্ভব। তাই ব্যাপকভিত্তিক সচেতনতাই পারে এ ধরনের সমস্যা থেকে আমাদের রক্ষা করতে। লেখক :সাংবাদিক