যেতে যেতে পথে পথে
চোখের জলের সীমা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:১৯
জাকির চলে গেছে আজ চারদিন। একটা বর্ণও তাকে নিয়ে লিখিনি এখনও। এক ফোঁটা জলও তার জন্য খরচ করিনি এখনও। আমার অক্ষমতা, সময়মত আমি কাঁদতে পারি না। বন্ধুদের কাছে এই কথাগুলো বলছিলাম সেদিন, যেদিন সে মারা গেল। ঢাকায় ইউনাইটেড হাসপাতালে।
আমার এই জাকির কারও পরিচিত নয়। তাকেও চেনারও কারও দরকার নেই। একেকটা জাকির প্রত্যেকের জীবনেই থাকে যাকে সব কথা বলা যায়, যে ভাইয়ের চেয়েও বড়, বন্ধুর চেয়েও নির্ভরতার ও ভালোবাসার। যে কখনও আঘাত করে, তবুও সে গাইয়ে ছাড়ে “যখন তোমার আঘাত করি তখন চিনি/ শত্রু হয়ে দাঁড়াই যখন লওসে জিনি।” [রবি]
সেদিন রাতে ওর একেবারেই কাছাকাছির মানুষ যারা ছিলাম আমরা, যারা আমরা ঢাকায় আছি এবং যারা আমরা হাসপাতালে ওকে শেষবারের মত দেখতে গেছি, তারা আমার বাসায় মিলেছিলাম। প্রস্তাবটা বন্ধুদের একজন দিয়েছিল, আমি কেন দিইনি ভেবে সঙ্গে সঙ্গে লুফেছিলাম। ওর জীবনের এবং ওর সঙ্গে জড়ানো আমাদের জীবনের নানা কথা বলতে বলতে রাত বেড়ে গিয়েছিল। জাকিরকে হারিয়ে ক্ষিধে যখন হারাইনি, খেতেওতো হতো আমাদের; দু’টো ডাল-ভাতের ব্যবস্থা করতে বলেছিলাম গৃহমন্ত্রকের প্রধানকে। ওরও নানা কষ্ট, তবুও এক কথায় তিনি রাজি হয়ে গিয়েছিলেন।
খাওয়ার টেবিলে আবারও আমি কথাটা উঠালাম জাকিরের মুখটা জীবনে শেষবার দেখার সময়ও আমি কিন্তু কাঁদতে পারলাম না। কান্না বলতে যদি চোখের জল বোঝায়, আমি এখনও তা ফেলতে পারছি না। আমার চোখের কোটর থেকে সে জল এখনও আমি টপটপাতে পারছি না। এ এক অদ্ভুত অক্ষমতা! কখনও কখনও অনেকদিন পর, গভীর কোন রাতে একা একা আমি সবার অদেখার মাঝে, পাশে শুয়ে থাকা লোকটিরও অজানার মাঝে ফোঁটা ফোঁটা জল আমি গড়িয়ে দিয়েছি। কখনও আমার বিনাচিকিত্সায় মারা যাওয়া বাবার জন্য, কখনও কী এক অদ্ভুত কারণে আমাকে আপদমস্তক প্রশ্নবিদ্ধ ও সংশয়পূর্ণ করে কোন এক বর্ষণমুখর গভীর রাতে একা বাড়িতে নিজের প্রাণ নিজে বা’র করে দেয়া মায়ের জন্য এবং সবচেয়ে বেশি অকালে অসময়ে অপ্রয়োজনে হারিয়ে ফেলা পুত্রের জন্য। যেদিন সে কষ্ট পেয়ে পেয়ে চলে যাচ্ছিল, সেদিন রাতে ঢাকায় আমার ছোট কুঠুরীতে বসে আমি, অজানার মাঝে একা একা জেগে প্রমাণ সাইজের দু’টো লেখা বড় যত্নে শেষ করেছিলাম। কোন্ কোন্ কাগজে পাঠাবো সেটিও ভেবে নিয়েছিলাম। একটি রম্যরচনা, অন্যটি গল্প। প্রেমের গল্প।
কাঁদতে না পারার কথাটি উঠানোর পর সুহূদদের কেউ কেউ বললো আমারও এমন হয়, আমাদেরও এমন হয়। ঘরের মানুষ, ভুলেভাবে যে কখনও পরের মত আচরণ করে এবং পরে আবার আফসোসে মাতে, ভাত বাড়তে বাড়তে বড় সাচা একটি কথা বলে ফেললো— কত আর কাঁদবে তুমি, চোখের জলেরওতো একটা সীমা আছে! তাকেওতো এক সময় ফুরিয়ে যেতে হয়, এক সময়তো তাকেও শুকিয়ে যেতে হয়! তারওতো শেষ আছে ক্ষমতার।
লেখক :শ্রমজীবী, কথাসাহিত্যিক