[ আ লো ক পা ত ]

রানা প্লাজা ধস :দরকার সচেতনতা ও কাঙ্ক্ষিত পরিবর্তন

সাভারের ভবন ধসের পরবর্তী কয়েকদিন সেনাবাহিনীর সাথে উদ্ধার কাজে কারিগরি পরার্মশ দেয়ার সুবাদে খুব কাছ থেকে দেখেছি এই ধ্বংসযজ্ঞ, কি আমাদের ক্ষমতা আর কোথায় আমাদের দুর্বলতা। সত্যি কষ্ট হয় নিজেদেরকে নিয়ে যখন ভাবি- সুনামি, টর্নেডো বা ভূমিকম্প নয়, শুধুমাত্র ‘দুর্নীতির’ কারণে হাজার হাজার জীবন ক্ষয় হচ্ছে আমাদের এই দেশে। ‘দুর্নীতি’ যেন এক দুর্যোগ হয়ে দেখা দিয়েছে এই দেশে। আমি মনে করি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ভবন ধস এই রানা প্লাজা। আপনারা নিশ্চয় অনেকেই লোকমুখে অথবা খবরের কাগজ, রেডিও কিম্বা টেলিভিশনের সুবাদে রানা প্লাজা ভবন ধস ও তার পরবর্তী উদ্ধার কাজ, ভবিষ্যতে কি করণীয় এ নিয়ে অনেকের অনেক মতামত শুনেছেন। অনেককে হয়তোবা বলতে শুনেছেন ‘ড্যাপ’ মেনে করলে এমন হতো না, কেউ বলছেন বিএনবিসি কোড মানা হয়নি বা ডিজাইন ঠিক নাই ইত্যাদি। আপনাদের কাছে কিছু কিছু বিষয় হয়তোবা অনেক জটিল মনে হচ্ছে, আবার কখনও মনে হতে পারে এ ব্যাপারে আমার কিইবা করার আছে। তবে আপনি সত্যি সত্যি বিষয়গুলো জানতেও তো চাইতে পারেন- হোক তা যত কঠিন। এ অধিকার আপনার আছে। কারণ আপনিই যে হারিয়েছেন আপনার কোন আপন আত্মীয় বা বন্ধুকে। আপনি হয়তো হারিয়েছেন কর্মক্ষমতা বা কোন অঙ্গ। আবার হয়তোবা ফিরে যেতে হচ্ছে ঐসব ভবনে। তাই মনে অনেক জিজ্ঞাসা থাকাটাই স্বাভাবিক। এরকম একটা তাগিদ থেকে সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের জন্য প্রশ্ন ও উত্তরের মাধ্যমে উপস্থাপন করলাম। ১) ড্যাপ কী? ড্যাপ (ডিএপি) হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান- এক ধরনের পরিকল্পনা, যা শহরটাকে গোছাবার জন্য অর্থাত্ কোন এলাকায় কি গড়ে উঠবে, কি হলে ভালো হবে, কোথায় কি চাহিদা ইত্যাদি মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে। প্রথমত একটা মাস্টার প্ল্যান করা হয় সম্পূর্ণ শহরটাকে পরিকল্পনার আওতায় আনার জন্য। তারপর ড্যাপ-এর মাধ্যমে এলাকাভিত্তিক জরিপ করে ঠিক করা হয় ঐ এলাকায় কি হচ্ছে আর কি হওয়া দরকার। জরিপের সময় জানা যায় কোথায় নিচু বা উঁচু জমি, কোথায় খাল ইত্যাদি। তবে জমির মালিকদের ভবন তৈরি করার সময় খেয়াল রাখতে হয় জমি উঁচু হলেও মাটি শক্ত কি না এবং ভবনের ভার নিবে কিনা। তাই উঁচু জমিতে মাটি পরীক্ষা করে নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শে সিদ্ধান্ত নিতে হয়। তবে সাধারণভাবে ভরাট করা জমিতে ঝুঁকি থেকেই যায়। যেমন রানা প্লাজার জমি। ২) রাজউক আর পৌরসভার ভবন অনুমোদনের ব্যাপারে কার দায়িত্ব কি? প্রথমেই স্বীকার করে নিতে হবে যে, রাজউক পৌরসভাগুলো থেকে ভবন অনুমোদনের বেলায় বেশি পারদর্শী আর পৌরসভাগুলোতে প্রয়োজনীয় টেকনিক্যাল লোকই নেই। কিন্তু সমস্যা হচ্ছে, আইনগতভাবে রাজউকের আওতাধীন হওয়া সত্ত্বেও পৌরসভাগুলো নিজেরাই অনুমোদনের কাজ করছে। তবে যদি পৌরসভাগুলোকে রাজউকের অনুরূপ লোকবল দেয়া হয় বা সম্পৃক্ত করা হতো তাহলে হয়তো সমস্যা হতো না। কারণ স্থানীয় পর্যবেক্ষণ সব সময়ই সহজ ও নিবিড় হয়ে থাকে। রাজউক আর পৌরসভাগুলো দুই ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আর আন্তঃমন্ত্রণালয় কার্যবিধির অভাব ও সংকটের একটা কারণ। তবে ট্রেড লাইসেন্স দেয়ার সময় ব্যবসা অনুমোদিত ভবনে পরিচালনা করা হবে কিনা এর নথি চাইতে পারে পৌরসভাগুলো। ৩) ভবন নকশা রাজউক অনুমোদিত হলেই কি আমরা নিরাপদ? রাজউক অনুমদিত হলে কারিগরি বিষয়গুলোর ব্যাপারে কিছু লোক যেমন আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা দায়িত্বপ্রাপ্ত হন ও কিছু নিয়ম-কানুন মেনে নকশা প্রণয়ন করতে বাধ্য হন। রাজউকে লোকজন আছেন যারা কিনা এই নকশাগুলো পরখ করে নেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, সাধারণত রাজউকের কেউই কোন ভবনের কাঠামোর নকশা মূল্যায়ন করেন না, অংক কষে চেক করেন না। তাই ব্যাপারটা ইঞ্জিনিয়ার আর মালিকের ঘাড়েই থেকে যায়, হোক তা রাজউক অনুমোদিত। ৪) ব্যবহার সনদপত্রটা (অকুপেন্সি সার্টিফিকেট) কি? ভবনের নির্মাণ কাজ শেষ হলে রাজউকের কাছে আবেদন করতে হয় ভবন ব্যবহারের ছাড়পত্রের জন্য। কেবল ছাড়পত্র পেলেই ভবনের মালিক ভবনে উঠতে পারেন বা ভাড়া দিতে পারেন। এই ছাড়পত্র ৫ বছর অন্তর অন্তর নবায়ন করতে হয়। তবে এই ছাড়পত্রের সাথে বিদ্যুত্, পানি ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে পারলেই আসলে কাজ হবে। অর্থাত্ ছাড়পত্রের কপিসহ আবেদন করতে হবে লাইন পাবার জন্য। ৫) ইঞ্জিনিয়াররা কি পারেন না আমাদের জন্য নিরাপদ ভবন তৈরি করতে? বিএনবিসি কোড মেনে ডিজাইন করলে আমাদের ইঞ্জিনিয়াররাই নিরাপদ ভবন নির্মাণ করতে পারেন এবং ঐ মোতাবেক তদারকি করলেই নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। শুধু মানসম্মত নকশা প্রণয়ন করলেই হবে না, নকশা মোতাবেক নির্মাণের ব্যাপারটাও নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। ৬) ঠিকাদারের ভূমিকা কি? ব্যাপারটা কিভাবে সামাল দেয়া যায়? ঠিকাদাররাই আদতে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের প্রণীত নকশা ও নির্দেশনা মোতাবেক ভবনের নির্মাণ কাজ করে থাকেন। যেহেতু নির্মাণ সামগ্রী কেনাকাটার বিষয় থাকে, তাই মালিকের সাথে তাদের সম্পৃক্ততাও বেশি থাকে। এই জায়গাটাতেই অনিয়মের সুযোগ সবচেয়ে বেশি, আর এখানেই নেই রাজউকের তেমন কোন ভূমিকা বা তদারকি। ব্যাপারটা সামাল দিতে হলে আমাদের দুইটি কাজ করতে হবে- (ক) যথাযথ প্রশিক্ষণ দিতে হবে ঠিকাদারদের, (খ) মানসম্মত ঠিকাদারদের তালিকাভুক্ত করতে হবে, যাতে যে কেউ চাইলেই ঐ ভবনগুলোর ঠিকাদারি করতে না পারে। তাছাড়া তাদের থাকতে হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও সরঞ্জাম। ৭) ভবন ব্যবহারের বিষয়গুলো কে দেখবেন? কর্মপরিবেশ ও ভবন ব্যবহারের বিষয়গুলো দেখে থাকেন একজন স্থপতি।অগ্নিনিরাপত্তা থেকে শুরু করে ভিতরে পর্যাপ্ত টয়েলেট আছে কিনা, পর্যাপ্ত আলো আছে কিনা, ভেতরে আরামপ্রদ ও সুস্থ পরিবেশ আছে কিনা, শব্দ দূষণ হচ্ছে কিনা, ইত্যাদি বিষয় তিনি দেখে থাকেন। কাঠামো ইঞ্জিনিয়ারকে লোডিং প্ল্যান তৈরিতেও তথ্য-উপাত্ত দিতে হয়। তাই শুধু ইঞ্জিনিয়ারকে দিয়ে ভবন করতে চাইলে অনেক বিষয় বাদ পড়ে যায়। স্থপতিরাই শ্রমিকের বিষয়গুলো গুরুত্ব দিয়ে ডিজাইনে সন্নিবেশ করে থাকেন। ৮) কারখানাগুলোর নিরাপদ ডিজাইন কিভাবে নিশ্চিত করা যায়? যে ভবনগুলোতে অনেক লোক একসাথে কাজ করেন অন্তত সেখানে একটি নিয়ম অবশ্যই চালু করা উচিত। আর সেটা হলো ইঞ্জিনিয়ার ডিজাইন করার পর রাজউক যেন আইইবি ও আএবি-র তালিকাভুক্ত একজন ইঞ্জিনিয়ার এবং স্থপতিকে দিয়ে ডিজাইনটি চেক করান অর্থাত্ দায়ভার কেন দুইজনেই নিবেন। এখানে আরো একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, আমাদের দেশে ইঞ্জিনিয়ার কেবল নির্মাণ নকশা প্রদান করেন, ক্যালকুলেশান রিপোর্ট প্রদান করেন না (যা অন্যান্য দেশে প্রদান করা হয়)। এটা না হলে ভুল হওয়ার আশঙ্কা রয়ে যায় অনেক বেশি। মাঝে মাঝে রাজউক তাদের ডিজাইন পর্যালোচনা/মূল্যায়ন করবে, ভুল বা দোষ ধরা পড়লে নিবন্ধন বাতিল করবে। সেক্ষেত্রে তারা অন্য কিছু করে জীবিকা নির্বাহ করবেন, ইঞ্জিনিয়ার বা স্থপতি হিসেবে নয়। ৯) বিএনবিসি কি? বিএনবিসি হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যার মধ্যে আছে বিভিন্নরকম নিয়ম-কানুন, উপায়, করণীয়, মান ইত্যাদি। ভবন নির্মাণের মূল উদ্দেশ্য মানসম্মত করা, যাতে ব্যবহারকারীরা নিরাপদে থাকবেন। তাই বিএনবিসি অনুসরণ করে ভবন নির্মাণ করলে ভবনের ব্যবহারকারীরা মানে আপনারাই উপকৃত হবেন। বর্তমানে ৪টা শহর এটার আওতাধীন। এর আওতায় সমগ্র দেশকে আনা দরকার এবং প্রয়োজন এর একটা বাংলা সংস্করণের, যেন নির্মাণ শিল্পের সবাই তা বুঝতে পারেন। ১০) বিএনবিসিই কি যথেষ্ট? আমার মনে হয় বিএনবিসি-কে ভিত্তি করে আরো কঠোর নিয়ম দরকার কারখানার ক্ষেত্রে, যেখানে কিনা অনেক লোক একসাথে কাজ করে। যেমন- কারখানার বেলায় ফ্ল্যাট প্লেট ভবন নিষিদ্ধ করা, কলাম নির্মাণের সময় বিশেষ তদারকি ইত্যদি। ১১) কেমন যন্ত্র লাগে উদ্ধার কাজে? কিভাবে পাওয়া সম্ভব? উদ্ধার কাজে সাধারণত দুই ধরনের সরঞ্জাম লাগে- হাতে বহনযোগ্য ও ভারি সরঞ্জাম যেমন- ক্রেন, সিঁড়ি ইত্যাদি। প্রশিক্ষিত লোকেরাই কেবল ওই যন্ত্রগুলো ব্যবহার করেন, তা না হলে উপকারের চেয়ে অপকারের সম্ভাবনা বেশি থেকে যায়। তাই সিভিল ডিফেন্স ও ফায়ার ডিপার্টমেন্ট এই দায়িত্ব নিয়ে থাকেন তবে তাদের পরিসর বাড়ানো দরকার। ১২) আমরা শুনেছি ভারি যন্ত্র উদ্ধার কাজে ব্যবহার করলে আরও অনেক বেশি লোক মারা যেতে পারে, এটা কি ঠিক? ভারি যন্ত্র ব্যবহার করলেই হবে না প্রয়োজন কৌশল, যাতে ধসে যাওয়া ভবন আরো ক্ষতিগ্রস্ত না হয় বা আবারো ধসে না যায়। তাই সঠিক কৌশল অবলম্বন করতে পারলে ভারি যন্ত্র দিয়ে স্বল্প সময়ে অনেক লোককে উদ্ধার করা যায় এবং প্রায় ঝুঁকিমুক্তভাবে। বহুতল ভবন ধসে উপর থেকে সাবধানতার সাথে স্ল্যাব কেটে কেটে তুলে ফেললে সময় এবং জীবনক্ষয় দুইই কমানো সম্ভব। কিন্তু পাশে থাকতে হবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের একটা দল। ১৩) উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় ভারি সরঞ্জাম সহসা কোথা থেকে আসবে? ছোট যন্ত্রগুলো সহজেই সরকার কিনতে পারেন। তবে বড় যন্ত্রগুলো অনেক ব্যয়বহুল তবে তা অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানেই আছে। ওগুলোর তালিকা করে তা দুর্যোগ মন্ত্রণালয় এবং ফায়ার ডিপার্টমেন্টে রেখে দেয়া যেতে পারে এবং প্রয়োজন মত দুর্যোগের সময় কাজে লাগানো যেতে পারে। ১৪) কমপ্লায়েন্ট কারখানা হলেই কি আমি নিরাপদ? কমপ্লায়েন্ট শব্দের প্রচলন এদেশে করেছেন আসলে বিদেশের ক্রেতারা (বায়ার)। ‘কমপ্লায়েন্ট’ কারখানা হলেই যে তা সার্বিকভাবে নিরাপদ এটা বলা যায় না কারণ কর্মপরিবেশের অনেক দেশজ বিষয় এতে নেই। বিদেশীরা সান্ত্বনা পান কমপ্লায়েন্ট কারখানাতে প্রস্তুত কাপড় কেনাকাটা করে। যেমন তাজরিনও ‘কমপ্লায়েন্ট কারখানা’ ছিল। দেশে অনেক ফ্যাক্টরি আছে কমপ্লায়েন্ট কিন্তু মানসম্মত নয়। তাই দরকার আমাদের নিজেদের চাহিদাপত্র তৈরি করা, আমাদের কথা ভেবে। ১৫) বিদেশি ক্রেতারা কি আমাদের কিছুটা দায়ভারও কি নিতে পারে না? নিশ্চয়ই পারে, কারণ আমাদের শ্রমিকেরা আদতে তাদেরই শ্রমিক, শুধু অন্য দেশে বসে কাজ করেন। কিন্তু আমাদের তো চাইতে হবে, বিশেষ করে বিদেশি মিডিয়াগুলোতে বলতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বা আমাদের মিডিয়া সেল এই চেষ্টা করতে পারে। তবে ওরা সিদ্ধান্ত নিচ্ছে, ওরা দেখেছে- ৫ বছরে বাংলাদেশের ৪৫০০ কারখানা ঠিক ঠাক করতে টাকা লাগবে ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার আর এই খাত থেকে ৫ বছরে আয় হয় প্রায় ৮৫ বিলিয়ন (৮,৫০০ কোটি) ডলার। তারা দেখেছে অল্প খরচ করেই অনেক পরিবর্তন আনা সম্ভব। ওইসব দেশের অনেকেই সোচ্চার হয়েছেন এই বিষয়গুলো নিয়ে, ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি চুক্তি সই করেছে, আরো করবে। ১৬) আমি যে ভবনে কাজ করি সেটা যদি ঠিক করার প্রয়োজন হয় কোনো প্রযুক্তি আছে দেশে? বাংলাদেশে এমন প্রযুক্তি আছে। এ রকম কাজে পারদর্শী ইঞ্জিনিয়ার কম আছে, তবে আছে। এইভাবে পূর্বে নির্মিত কোন ভবনকে মজবুত করার কাজকে ‘রেট্রোফিটিং’ বলে। এইভাবে ভবনের অংশগুলোর (কলাম, বীম, স্ল্যাব, ভিত) লোড ধারণক্ষমতা বাড়ানো যায়। ইঞ্জিনিয়াররা এইগুলো অংক কষে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই প্রযুক্তি কিছুটা ব্যয়বহুল তবে মানুষের জীবনের দামের কাছে তা নগণ্য। বাংলাদেশ ব্যাঙ্ক স্বল্পসুদে ঋণ দিতে পারে এই ধরনের মজবুতকরণ কাজের জন্য, বিদেশিরাও এগিয়ে আসতে পারে এই কাজে। ১৭) আমরা যদি কোন ভবনে সমস্যা দেখি তাহলে কি করবো? ভবনের কোন ধরনের সমস্যা দেখা গেলে যেমন- ফাটল, প্লাস্টার খসে পড়া, বিদ্যুতের ঝিলিক বা ধোঁয়া, তার গরম হতে থাকলে, ভিতরের বাতাসে গন্ধ বা গুমট ভাব, ভবনের নিরাপদ সিঁড়ি তালা দেয়া থাকলে, ভবনে ঝাঁকুনি হলে বা মনে যে কোন বিপদজনিত সন্দেহ হলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে। এই ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় একটা কাজ করতে পারেন। একটা বিশেষ হান্টিং নম্বরের ব্যবস্থা করে দিতে পারেন যেখানে কেউ এস,এম,এস বা ফোন করে সরাসরি সমস্যাটি জানাতে পারেন আর সাথে সাথেই তা চলে যাবে সিভিল ডিফেন্স, পুলিশ আর দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোতে। ফলে কেউ চাইলেই ব্যাপারটা ধামাচাপা দিতে পারবে না। ১৮) সবাই তো লোকবলের অভাবের কথা বলেন, তাহলে উপায় কি? লোকবলের অভাবের বিষয়টা আছে। তবে যে দেশে এত লোক সে দেশে লোকবলের অভাব হওয়ার ব্যাপারটা বিস্ময়কর তো বটেই। তবে সরকারের ব্যয় হঠাত্ করে না বাড়িয়েও সুপারভিশন, অডিট, ইন্সপেকশনের কাজগুলো রাজউকের বাইরে থেকে (আউটসোর্সিং) করিয়ে নেয়া যায়, যেমনটা করছে পশ্চিমা দেশগুলো। এতে বেসরকারি পর্যায়ে অনেক লোক কাজও পেতে পারেন আর শ্রমিকরাও থাকবেন নিরাপদে। সরকার নিয়মিত তদারকি করবে ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে আর গাফলতি দেখলেই শাস্তি প্রদান করবে। ১৯) প্রথমত কে আমার স্বার্থ দেখবে, বিজিএমইএ, সরকার, না অন্য কেউ? শ্রমিকের স্বার্থ প্রথমত দেখবে সরকার আর সরকার এই কাজটি সম্পন্ন করতে ব্যবহার করতে পারে BGMEA এবং BKMEAসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। ওনাদের হাতে পুরো দায়িত্ব ছেড়ে দেয়া যাবে না, ওনাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। অনেকেই মনে করেন ঐ প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের সংগঠন না হওয়ায় মালিকদের স্বার্থই বেশি দেখেন। তবে শ্রমিকদের জন্যে কিছু কাজ করেছেন তারা যদিও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। ২০) রানা প্লাজার ধস থেকে কিছু কি শেখার আছে? এটা কি শুধুই মৃত্যু, চেনা-অচেনা লাশের মিছিল, কান্না আর কিছু প্রতিশ্রুতিই হয়ে থাকবে? রানা প্লাজার ধস থেকে সবার অবশ্যই শিক্ষা নিতে হবে, যেন এ রকম দুর্ঘটনা দ্বিতীয়বার না ঘটে। ভবনের ডিজাইন, অনুমোদন, নির্মাণ, ব্যবহার, তদারকি, নিরাপত্তা এবং উদ্ধার কাজের মধ্যে কখন এবং কোথায় কী করলে ভাল হতো তা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী পরিবর্তন আনতে হবে। তদন্ত তো আগেও হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন লাগসই পরিবর্তন কি এসেছে? আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্ব, দায়িত্ব নিয়ে ঠেলাঠেলি বন্ধ করে সরকার পরিষ্কার নীতিমালা দিয়ে দিবেন— কার কী কাজ, কে নেতৃত্ব দেবেন তাহলেই আমরা এগুতে পারবো। এমন অবকাঠামো প্রবর্তন করতে হবে যাতে কোন মহলই চাইলে রানা প্লাজার মত ভবন নির্মাণ ও ব্যবহার করতে পারবে না। আশাকরি প্রশ্ন ও উত্তরগুলোর মাধ্যমে কিছু বিষয় পরিষ্কার করতে পেরেছি। এই ব্যাপারগুলো জানাটা সবার জন্য জরুরি, দরকার সচেতনতা এবং কাঙ্ক্ষিত পরিবর্তন। লেখক :অধ্যাপক, স্থাপত্য বিভাগ, বুয়েট ও বিশেষজ্ঞ, পরিবেশ বান্ধব ফ্যাক্টরি ডিজাইন