ভেজাল ওষুধ :দুষ্টচক্র নির্মূল করা হোক

অধিক মুনাফা লোভী একটি চক্র নকল-ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি করে বাজারগুলোতে ছড়িয়ে দেয়ার মাধ্যমে জনস্বাস্থ্যকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। পত্র-পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীতেই অন্তত দেড় শতাধিক ভুঁইফোঁড় প্রতিষ্ঠান ভেজাল ওষুধ প্রস্তুতের সঙ্গে জড়িত। এছাড়া গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকার বাজারগুলো এমনকি চট্টগ্রামের অভিজাত এলাকায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধে সয়লাব হয়ে গেছে। এর মধ্যে খাবার স্যালাইন থেকে শুরু করে জীবন রক্ষাকারী বেশ কিছু ওষুধও রয়েছে। অর্থ-সম্পদ খরচ করে যে মৃত্যুকে ঠেকানোর জন্য রোগাক্রান্ত মানুষের আকুল প্রচেষ্টা, সেই মৃত্যুকেই আহ্বান করা হচ্ছে ঐসব বিপজ্জনক ওষুধ সেবন করানোর মাধ্যমে। এ ব্যাপারে অতীতে অনেক লেখালেখি হয়েছে। আটক হয়েছে অনেকে। হয়েছে অপরাধীদের জেল-জরিমানাও। কিন্তু এ হীন ব্যবসা আজও বন্ধ হয়নি। যে কোনো মূল্যে রোধ করতে হবে দেশের ভেতর ছড়িয়ে পড়া এসব ঘাতক ভেজাল ওষুধ। এছাড়া আরো যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তাহলো এসব ওষুধ যেসব দোকানে বিক্রি হয় সেসব দোকান মালিককেও অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত। ঐ দুষ্টচক্রকে স্থায়ীভাবে নির্মূলের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। মো. এনামুল হক লিটন, সভাপতি, প্রগতিশীল সংবাদপত্র পাঠক-লেখক ফোরাম, চট্টগ্রাম বিভাগ