চাকরি পরীক্ষায় গুরুত্ব দিন গণিতে

চাকরির বাজার এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই চাকরির বাজারে নিজেকে যোগ্যতর করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নিজেকে চাকরির বাজারে যোগ্যতর হিসেবে হাজির করার অন্যতম প্রধান উপায় হচ্ছে চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করা। এখনকার সময়ে যেকোনো চাকরিতেই খুব অল্প পদের বিপরীতেই প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ে। ফলে নৈর্বক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষাসহ একাধিক ধাপে সম্পন্ন হয়ে থাকে নিয়োগ প্রক্রিয়া। তবে চাকরিতে লিখিত সব পরীক্ষাতে যারা ফলাফল ভালো করে থাকে, পরবর্তী ধাপগুলোতে তাদের মূল্যায়ন একটু ভালোভাবেই হয়ে থাকে। তাই চাকরির পরীক্ষাতে ভালো করা চাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণের অন্যতম প্রধান একটি উপায়। চাকরি রয়েছে নানা ধরনের—সরকারি, বেসরকারি, বহুজাতিক, আন্তর্জাতিক—নানা ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিটির জন্যই চাকরির পরীক্ষার ধরণ আলাদা হয়ে থাকে। পরীক্ষার বিষয়াবলীতেও থাকে বৈচিত্র্য। তারপরেও কিছু কিছু বিষয় সব ধরনের চাকরির পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ। এ সব বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে কমবেশি সব ধরনের প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষাতেই ভালো করা সম্ভব। এসব বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি জানা। আজকের এই লেখায় ইংরেজির গুরুত্ব আলোচনা করা হলো। ধারাবাহিকভাবে এই প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ক্যারিয়ার ভাবুক পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে। গণিত গণিত বিষয়ে আমাদের দেশের শিক্ষার্থীদের ভীতি কাজ করলেও গণিত পিছু ছাড়ছে না চাকরি করতে গিয়েও। চাকরির পরীক্ষাতে গণিতের দক্ষতাও যাচাই করা হয় প্রার্থীদের। আর তাই গণিতে যত ভীতিই হোক, এতে রপ্ত না করতে পারলে ভালো চাকরিটি আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। অবশ্য বেশি ভয় পাওয়ার কারণ নেই। চাকরির পরীক্ষায় অনেক বেশি জটিল প্রশ্ন তেমন একটা আসে না। শিক্ষাজীবনে তাই গণিত নিয়ে যত মেধা ব্যয় করতে হয়েছে, চাকরির জন্য অতটা হয়ত পরিশ্রম করতে হবে না। সাধারণত মাধ্যমিক পর্যায়ের সমমানের প্রশ্নই এসে থাকে চাকরির পরীক্ষাগুলোতে। সে ক্ষেত্রে সরল, সুদকষা, ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি প্রভৃতি বিষয়ে প্রশ্ন হয় পাটিগণিত থেকে। আর বীজগণিত অংশ থেকে উত্পাদকে বিশ্লেষণ, সমীকরণ সমাধান জাতীয় সমস্যা এসে থাকে। কাজেই এসব বিষয় ধরে ধরে চর্চা করা শুরু করুন। জ্যামিতি থেকেও মৌলিক বিষয়গুলোর প্রশ্নই করা হয় চাকরির পরীক্ষায়। ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত ও বীজগণিত অংশগুলো ভালোভাবে চর্চা করলেই আপনার চাকরির প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। জ্যামিতির ক্ষেত্রেও মৌলিক সংজ্ঞা এবং উপপাদ্যগুলো জানা এবং সেগুলো চিত্রসহ যথাযথভাবে উপস্থাপন করা আয়ত্ত্বে থাকলে এই অংশে ভালো করতে পারবেন। গণিতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বিষয়ে সঠিক উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। ১০০ নম্বরের চাকরির পরীক্ষায় যদি ২৫ নম্বর থাকে গণিতে, আপনার সঠিক প্রস্তুতি এই ২৫ নম্বরে ২৫ নম্বরই নিশ্চিত করবে। ইংরেজি বা বাংলার ক্ষেত্রে লিখিত অংশ থাকলে যেখানে ২৫ নম্বরে অনেক সময়ই ভালো উত্তর করলেও ২০ নম্বরের বেশি মিলবে না। গণিতে নিজের দখল বাড়াতে শুরুতেই প্রয়োজন পড়বে গাণিতিক সূত্রগুলো আত্মস্থ করা। সূত্রগুলো কেবল মুখস্থ করবেন না, সূত্রগুলো বুঝার চেষ্টা করুন এবং সেগুলোকে নিজে নিজে ব্যাখ্যা করতে শিখুন। গণিতের অনেক সমস্যাকেই সরাসরি সূত্রে বসিয়ে সমাধান করা যায় না। এসব সমস্যা সমাধান করতে হলে সূত্রকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে হয়। কাজেই গাণিতিক সূত্রের উপর আপনার স্পষ্ট দখল গাণিতিক সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনাকে। গাণিতিক সমস্যা সমাধানের আরেকটি উপায় হচ্ছে সমস্যাকে বুঝতে পারা। সঠিকভাবে সমস্যাটি বুঝতে পারলে সমাধান করা সহজ হবে। সমস্যাটি বুঝতে পারার পাশাপাশি সমস্যাকে ক্ষুদ্রতম আকারে ভেঙ্গে ফেলার চেষ্টা করুন। এতে করে সমাধান পেতে সময় লাগবে অনেক কম। গণিতে ভালো করার সবচেয়ে স্বীকৃত এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে চর্চা। আপনি যত বেশি চর্চা করবেন, গণিতে ততই ভালো করতে পারবেন। কাজেই বারবার গাণিতিক সমস্যাগুলো চর্চা করুন। যে সমস্যাগুলো সমাধান করতে পারেন, সেগুলোকেও বারবার সমাধান করুন। আর নতুন সমস্যা দেখলে ঘাবড়ে যাবেন না, সমস্যাকে সরলীকরণ করলে দেখবেন একই ধরনের আরও সমস্যার সমাধান আপনি আগেও করেছেন। চেষ্টা করলে এটিও যে করতে পারবেন, সেটা নিশ্চিত। আত্মবিশ্বাসটি থাকতে হবে।