কেসিসি নির্বাচনে মহাজোটে ‘জট’
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৩৯
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি ) নির্বাচনে ‘জট’ থেকে যাচ্ছে মহাজোটে। ১৮ দলীয় জোটের চার মেয়র প্রার্থীর মধ্যে ইতিমধ্যে দু’জন প্রার্থী নির্দিষ্ট সময়ের আগেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। অপরজন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অপরদিকে মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী জেলা জাতীয় পার্টি সভাপতি শফিকুল ইসলাম মধুর সাফ কথা ‘মনোনয়ন যখন জমা দিয়েছি, তখন কোন চাপেই প্রত্যাহার করব না’। ফলে কেসিসি নির্বাচনকে কেন্দ্র করে খুলনা মহাজোটে আনুষ্ঠানিকভাবে ভাঙ্গন সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আসন্ন কেসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১২ মে’র মধ্যে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইতেও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মেয়র প্রার্থীরা হলেন-খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপি নেতা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, খুলনা জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি শফিকুল ইসলাম মধু এবং মহানগর মুসলিম লীগ সভাপতি ও কেসিসি’র প্রথম প্রশাসক সিরাজুল ইসলাম।
আগামী ১৫ জুনের সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত বলা হলেও মূলত রাজনৈতিক বলয়ের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির মেয়র প্রার্থী বহাল থাকলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জন্য কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরাও অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের দাবি, সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থীকে সময় থাকতে বসিয়ে দিতে হবে। তবে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধুর সাফ কথা, যেহেতু তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন, সেহেতু প্রত্যাহারের আর কোন সুযোগ নেই। দলীয় বা অন্য কোন চাপেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলেও জানান।
খুলনা মহাজোটের সমন্বয়কারী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচন যেহেতু নির্দলীয়ভাবে হচ্ছে সেহেতু এখানে মহাজোটের পক্ষ থেকে কোন প্রার্থী দেয়ার সুযোগ নেই। সুতরাং এতে মহাজোট ভেঙ্গে যাচ্ছে এমনটি বলা যাবে না। তবে জাতীয় নির্বাচনে যদি জাতীয় পার্টি একক প্রার্থী দেয় সে ক্ষেত্রে তখন দেখা যাবে।
বিএনপির অপর দুই প্রার্থীর মধ্যে জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, নির্বাচনের ব্যাপারে এখনো কেন্দ্র থেকে আমাকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। কেন্দ্র যদি আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলে তখন আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। বিএনপির অপর প্রার্থী সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু বলেন, তিনি দলের কাছ থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছুই পাননি। তাকে যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতেই হয় তাহলে এসব বিষয় নিয়ে আলোচনার পরই সে সিদ্ধান্ত নেয়া হবে।