পটুয়াখালীর হাজারো পরিবার খোলা আকাশের নীচে
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৩
ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালী জেলার উপকূলীয় অনেক এলাকা। বিধ্বস্ত হয়েছে ২৬ হাজার ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের ৬ দিন পেরিয়ে গেলেও হাজার হাজার পরিবার এখনো রয়েছে খোলা আকাশের নীচে।
অনেকে খুপরি ঘর তুলে, টিনের ছাপড়া দিয়ে অথবা আত্মীয়-স্বজন কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। গত দু’দিনের প্রবল বর্ষণে গৃহহারা এ সকল পরিবারের জীবনযাত্রা আরোও বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে তারা ত্রাণের আগে চায় মাথা গোঁজার ঠাঁই।
দেউলী গ্রামের গৃহহারা বিধবা নাজমা বেগম বলেন, আমার দোতলা ঘর সম্পূর্ণ ভাইঙ্গা গেছে। এহোন পোলাপান লইয়া রৌদে পুড়ি, আর বৃষ্টিতে ভিজি। বেশি বৃষ্টিতে যহোন টেকতে নাপারি তহোন অন্যের বাড়ি যাইয়া উডি। ঘূর্ণিঝড়ের চারদিন পরেও তিনি কোন সরকারি ত্রাণ সহায়তা পাননি।
উপজেলার একজন ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়নে এক টন চাল বরাদ্দ হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে দেয়া হলেও ক্ষতিগ্রস্ত সকলকে চাল দেয়া সম্ভব হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে জেলার ২৫ হাজার ৭৭৮টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত ৭ হাজার ৫৪০টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১৮ হাজার ২৩৮টি ঘরবাড়ি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তি রঞ্জন বৈদ্য বলেন, ঘূর্ণিঝড় মহাসেনে গৃহহারারা বর্ষার কারণে খুব কষ্টে আছে। যে যেভাবে পারছে ছাপড়া তুলে কিংবা অন্যত্র আশ্রয় নিয়ে থাকছে। তবে কেউ খোলা আকাশের নীচে থাকছে না। এখনো জেলায় কোন গৃহ সহায়তা মঞ্জুরী বরাদ্দ পাওয়া যায়নি। গৃহহারাদের তালিকা করা হচ্ছে। তালিকাপ্রাপ্তি সাপেক্ষে সরকার ব্যবস্থা নেবে।