আঁধার ঘরে চাঁদের আলো
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৫
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর ছেলে রুবেল তার উচ্চশিক্ষা নিয়ে শঙ্কিত। দারিদ্র্যতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে পিরোজপুর দুই যমজ ভাই ও ময়মনসিংহের গৌরিপুরের দুই সহোদর। জুতা সেলাই করেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে গাইবান্ধার সুজন রবিদাস। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।
চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের রুবেল আহমেদ এবার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় নদী ভাঙ্গনে বাড়িঘর-জায়গা-জমি হারিয়ে রুবেলের পরিবার বর্তমানে পাগলা নদীর তীরে অপরের জমি বন্দোবস্ত নিয়ে বসবাস করছে। অভাবের সংসারে কোন প্রাইভেট বা কোচিং ছাড়া নিজেই কঠোর পরিশ্রম করে রুবেল ভাল ফলাফল করেছে। ভবিষ্যতে সে একজন আদর্শ শিক্ষক হতে চায়।
পিরোজপুর
রাকিব ও সাকিব যমজ ভাই এবার সদর উপজেলার তেজদাসকাঠী হাইস্কুল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সংসারে টানাটানি সত্ত্বেও দারিদ্র্য আটকাতে পারেনি রাকিব ও সাকিব হোসেনের সাফল্য। জেএসসিতেও এ যমজ দুই ভাই জিপিএ-৫ পেয়েছিল। দরিদ্র পিতা মোশারফের আশা ছেলে দু’টোকে বড় ডাক্তার বানাবেন।
গাইবান্ধা
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে গ্রামবাসীকে হতবাক করে দিয়েছে সুজন রবিদাস। গাইবান্ধা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সদর উপজেলার ফলিয়া গ্রামে তার বাড়ি। ৪ ভাই, ২ বোন ও মা-বাবা নিয়ে তাদের সংসার। মাত্র ৪ শতক জমির উপর তাদের বসতভিটা। নেই কোন আবাদি জমি। জুতা সেলাই ও কালি করে যে আয় তাই দিয়ে তাদের সংসার চলে। তাই লেখারপড়ার ফাঁকে অভাবী সংসারের চাহিদা মেটাতে বাবার সাথে সুজনও রাস্তার ধারে দোকানে মানুষের জুতা সেলাই ও কালি করতো। তারপরও দু’বেলা পেট ভরে খাবার জুটতো না। সুজন জানায়, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়তে চায়। কিন্তু তার লেখাপড়ার খরচ যোগাবে কে সেই চিন্তায় এখন অস্থির।
পঞ্চগড়
জেলা সদরের পূর্ব শিকারপুর গ্রামের মেয়ে সিনথিয়া এবার দিনাজপুর বোর্ডের অধীনে খাঁনপুকুর খোলাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ভাল ফলাফল করেও সে এখন শুধুই কাঁদছে। দরিদ্র বাবার সামর্থ্য নেই আর লেখাপড়া করানোর।
তার বাবা গোলাম মোহাম্মদ ওরফে বাটলাসের এক সময় পঞ্চগড় শহরে বড় দোকান ছিল। কর্মচারী ছিল কয়েকজন। কিন্তু সেই বাটলাস আজ নিজেই দোকান কর্মচারী। বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই করছে। স্ত্রী, ৫ মেয়ে ও ১ ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া করাতে না পাড়ায় ৩ মেয়ের বিয়ে দিয়েছেন খুব কম বয়সে। মেয়ে সিনথিয়ার লেখাপড়ায়ও কোন যত্ন নিতে পারেননি তিনি। দিতে পারেননি কোন প্রাইভেট। ভাল ছাত্রী হওয়ায় স্কুলের শিক্ষকরাই তাকে বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়িয়েছেন। গোলাম মোহাম্মদ জানান, মুখে খাবার পর্যন্ত দিতে পারি না, তাকে লেখাপড়া করাবো কিভাবে। কলেজে ভর্তি ও বই কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। যার সামর্থ্য আমার নেই। ভাবছি তাকে বিয়ে দিয়ে দেব।
রাজীবপুর (কুড়িগ্রাম)
অতিদরিদ্র ঘরের সন্তান ইসমাইল হোসেন। ৯ ভাই-বোনের মধ্যে কেউই লেখাপড়া করতে পারেনি। ইসমাইল হোসেন ছোট থেকেই লেখাপড়ায় ভালো হওয়ায় অভাবী বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখেন। আর এ কারণে বাবা রজব আলী প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করান। এতে শিশু প্রতি ৫০ টাকা করে পান রজব আলী। তার টিউশনির যে টাকা আসে সেই টাকা ছেলের লেখাপড়ার পিছনে খরচ করেন। বাবা রজব আলীর সেই কষ্টের মূল্য দিয়েছে ইসমাইল। সে রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার কারখানা পাড়া গ্রামে তাদের বাড়ি। ইসমাইল হোসেন জানায়, ছোট ভাই বাজারে পান বিড়ি বেচে। সেই টাকায় আমগর সংসার চলে। তাই যখন স্কুল বন্ধ থাকত তখন গ্রামে কামলা দিতাম। ভালো কলেজে ভর্তি হতে দৌড়াদৌড়ি করা লাগে। এতে অনেক টাকা খরচ হয়। এত টাকা পাবো কনে? এক প্রশ্নের জবাবে সে বলে, লেখাপড়া করার ইচ্ছা তো আছে। স্বপন দেখি ডাক্তার হওয়ার। কিন্তু সেই আশা কি আমার পূরণ হবে।