সুন্দরগঞ্জে শিক্ষক-কর্মচারী বেতন পাচ্ছেন না ৫ মাস

উপজেলার শাহজাহান কর্মাশিয়াল এন্ড কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট (ভোকঃ) এর এমপিওভুক্ত ৯ শিক্ষক-কর্মচারী ৫ মাস থেকে বেতন-ভাতার সরকারি অংশ পাচ্ছে না। জানা গেছে, গত জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ আসলে তা প্রদানে ইনস্টিটিউট প্রধান ও সভাপতি টালবাহনা করতে থাকে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষক-কর্মচারীরা ইনস্টিটিউট প্রধান ও সভাপতির বাড়িতে বেতন-ভাতার জন্য দিনের পর দিন অবস্থান নিলে বেতন-ভাতা প্রদান না করে ইনস্টিটিউট প্রধান ও সভাপতি যোগসাজশ করে প্রতি শিক্ষক-কর্মচারীর নিকট ২ লাখ করে টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অসম্মতি জানালে তাদের বেতন-ভাতার সরকারি অংশ বন্ধ করে দেন। এদিকে ইনস্টিটিউট প্রধান ও সভাপতি এমপিওভুক্ত ওই সকল শিক্ষক-কর্মচারীদের পদগুলো শূন্য দেখিয়ে প্রতারণামূলকভাবে গত ৫ মে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অপরদিকে বেতন-ভাতা না পেয়ে চাকরি হারানোর ভয়ে শিক্ষক-কর্মচারীরা বাধ্য হয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেন। এব্যাপারে ইউএনও আহসান হাবিব জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইনস্টিটিউটের সভাপতি ও প্রধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।