নেত্রকোনায় হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৮
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ বুধবার জেলার আটপাড়া উপজেলার সুনুই মল্লিকপুর গ্রামের আব্দুল মজিদ ও তার পুত্র জামালউদ্দিনকে হত্যার অভিযোগে ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে সুনুই গ্রামের আলাউদ্দিন ভূঁইয়া, আবু তালেব, সুলতান উদ্দিন, আব্দুল বারেক, আলাল উদ্দিন ও আব্দুল হেকিম। ২০০০ সালের ৯ ফেব্রুয়ারি আব্দুল মজিদ ও তার দুই পুত্র জামাল ও গুলজার হোসেনকে নিয়ে বাড়ির সামনে জমিতে কাজ করছিলেন। এ সময় দণ্ডিতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই পিতা ও জামাল নিহত হন এবং অপর পুত্র গুলজার হোসেন আহত হন। রায় প্রদানের সময় ৪জন আসামি আদালতে উপস্থিত থাকলেও আবু তালেব ও আলাল উদ্দিন পলাতক রয়েছেন।