গাইবান্ধার চরে অন্যান্য ফসলের সাথে পটল চাষ
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৯
গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার চরাঞ্চলগুলোতে এখন অন্যান্য ফসলের সাথে পটল চাষ হচ্ছে। বিশেষ করে ফুলছড়ি উপজেলার কালাসোনার চরে সবচাইতে বেশি পটল চাষ করা হয়। ফলে আগে যেখানে গাইবান্ধায় বাইরের জেলা থেকে পটল আমদানি করা হতো এখন সেখানে চরাঞ্চলে উত্পাদিত পটল এ জেলার চাহিদা মিটিয়েও বাইরেও রপ্তানি করা হচ্ছে। চরাঞ্চলের পটল চাষের আলাদা বৈশিষ্ট্য হলো এখানে রাসায়নিক সার ছাড়া জৈবসার দিয়ে পটল চাষ করা হয়। এছাড়া জমিতে কীটনাশক প্রয়োগ না করে বালাইদমন ব্যবস্থাপনার আওতায় পার্চিং পদ্ধতিতে জমিতে খুঁটি পুঁতে দিয়ে এবং আলোর ফাঁদ পেতে ক্ষেতের ক্ষতিকর পোকা নিধন করা হয়। যাতে কৃষকের লাভের পরিমাণও বহুলাংশে বাড়ে। পটল চাষী আফজাল হোসেন, গফুর মিয়া জানান, কার্তিক মাসে জমিতে ৩ থেকে ৪টি চাষ দিয়ে ২ থেকে ৩ ইঞ্চি মাটির নিচে পটলের লতা (গাছ) রোপণ করা হয়।