রায়পুরার হ্যাচারীতে রেণু পোনা উত্পাদন ব্যাহত

দেশের বৃহত্তম ফিস হ্যাচারী ‘রায়পুর কৃত্রিম মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে’ মত্স্য রেণু ও পোনা উত্পাদন ব্যাহত হচ্ছে। উত্পাদন ব্যাহত হওয়ায় উক্ত প্রজনন কেন্দ্র থেকে চলতি উত্পাদন মৌসুমে মত্স্য চাষিদের চাহিদানুযায়ী রেণু ও পোনা সরবরাহ করা যাচ্ছে না। দূর-দূরান্ত থেকে আগত অনেক মত্স্যচাষি রেণু পোনা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত ৫ মাস রায়পুর মত্স্য প্রজনন কেন্দ্রে রেণু ও পোনা উত্পাদনের মৌসুম। প্রজনন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ফারুকুজ্জামান জানান, প্রজনন কেন্দ্রে মোট ৮১টি পদের মধ্যে ৪১টি পদ শূন্য। মাঠপর্যায়ে রেণু পোনা উত্পাদন ও মত্স্য রক্ষণাবেক্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত বৈজ্ঞানিক কর্মকর্তার ৬টি পদের মধ্যে সবক’টি, মত্স্য সমপ্রসারণ সুপারভাইজার ৬টি পদের মধ্যে ৫টি, ফিসারম্যান ৮টির মধ্যে ৫টি ও গার্ডের ১২টি পদের মধ্যে ৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। প্রজনন কেন্দ্রের ৭০টি পুকুরের মধ্যে ৪০টি পুকুরের তলা মাটি ভরাট হয়ে গেছে।