সিরাজদিখানে রসুনিয়া বেইলি ব্রিজ অকেজো

সিরাজদিখান সদরের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগের একমাত্র পথ সিরাজদিখান-নিমতলা-ঢাকা সড়কের রসুনিয়া বেইলি ব্রিজের ঝালাই খুলে গেছে। এতে সিরাজদিখান, টঙ্গিবাড়ী, বেতকা, তালতলা, কুসুমপুর ও নিমতলা সড়কের বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বড়, মাঝারি ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ৩-৪ দিন পর এ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে। এখন ঝুঁকি নিয়ে শুধুমাত্র অটোবাইক, স্কুটারসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। সোমবার রাত থেকে এ যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন জানান, বেইলি সেতুটির ঝালাই ছুটে গেছে। এছাড়া নাটবল্টুতে জং ধরাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। আগামী শুক্রবার নাগাদ এর সংস্কার কাজ শেষ হতে সময় লাগবে বলে জানান তিনি।