পথে বসেছে মংলার খামারিরা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৫২
মংলা উপজেলা প্রাণি সম্পদ অফিসটি নিজেই রুগ্ন হয়ে পড়েছে। এখানে প্রাণি চিকিত্সার নামে চলছে হয়রানি আর চাঁদাবাজি। এখানকার ভ্যাটেরিনারী সার্জন ডা. দেবেন্দ্রনাথ সরকারের অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে গবাদি পশু ও পোল্ট্রি খামারিরা পথে বসতে বসেছে। ওই ডাক্তার তার পরিবার নিয়ে প্রাণি সম্পদ অফিসের দোতলায় বসবাস করেন। মংলার জয়বাংলা এলাকার গরুর খামারি স্কেন্দার আলীর সাথে আলাপ করলে তিনি বলেন, মংলা প্রাণি সম্পদ অফিসের ভ্যাটেরিনারী সার্জন দেবেন্দ্র নাথ সরকার মূলত গরুমারা ডাক্তার। তিনি কোনো গরুর শরীরে হাত দিলেই তাকে দিতে হয় ৫শ’ থেকে ১ হাজার টাকা । এভাবে অতিরিক্ত টাকা দিতে গিয়ে খামারিদের প্রতি মাসেই লোকসান গুনতে হয় । যার ফলে বহু খামারি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। ওই ডাক্তার মংলাতে প্রায় ৮ বছর অবস্থান করায় তিনি তার ইচ্ছে মতো সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ওই খামারি আরো জানান, এ ডাক্তার গাভীপ্রতি ডেলিভারীর জন্য ২ হাজার ও ঘা-পাচড়ার চিকিত্সার জন্য এক থেকে দেড় হাজার টাকা করে ফি নিয়ে থাকেন। এ ব্যাপারে ডা. দেবেন্দ্রনাথ সরকারের সাথে আলাপ করলে তিনি বলেন, মোটর সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় গরু-ছাগল চিকিত্সা করতে যেতে হয় বলে তিনি ৫শ’ থেকে ১ হাজার টাকা ফি নিয়ে থাকেন। তবে ওষুধ বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেন।