দাউদকান্দির প্লাবনভূমির মাছ চাষীরা মাঠে নেমেছে

দাউদকান্দির প্লাবণভূমির মাছ চাষীরা মাছ চাষে মাঠে নেমেছে। প্লাবণভূমিতে মাছ চাষ দাউদকান্দি মডেল এখন দেশব্যাপী প্রসিদ্ধি লাভ করেছে। ইরি ধান কাটার পর পর কৃষক ইরি ধানের জমিতে মাছ চাষে নেমে যায়। বৈশাখ মাসে বৃষ্টি-বাদল শুরু হলে ইরি ধানের জমির পার্শ্বের ডোবা ও নালা-নর্দমায় কৃষক কার্ফু, সিলভারকার্প, বিগহেড, রুই, কাতল, মৃগেল, গ্রাসকার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছেড়ে দেয়। ধান কাটার পর পর বৃষ্টি-বাদল শুরু হলে মাছগুলো সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে। চাষীদের প্রদত্ত মত্স্য খাবার এবং প্রাকৃতিকভাবে গজিয়ে উঠা শেওলা-শামুক খেয়ে মাছগুলো দ্রুত বেড়ে উঠে। ৬/৭ মাসে মাছগুলো এক থেকে দেড় কেজি এবং ৮/৯ মাসে দুই আড়াই কেজিতে পরিণত হয়। চাষীগণ আশ্বিন মাস থেকে শুরু করে পৌষ মাস পর্যন্ত টানা ৪ মাস মাছ বিক্রয় করে। ৮০/৯০টি মত্স্য প্রকল্প থেকে দাউদকান্দির মত্স্য চাষীগণ প্রতিবছর কমপক্ষে ১শ’ কোটি টাকার মাছ বিক্রয় করে থাকে। এ প্রকল্পগুলোতে অনেক লোকের কর্মসংস্থান হয়। উল্লেখ্য, শুধু দাউদকান্দিতেই প্লাবণভূমির মত্স্য চাষ প্রকল্প থেকে প্রতিবছর ৩ হাজার ৩শ’ ২৬ টন মাছ পাওয়া যাচ্ছে। এই এলাকার মত্স্য প্রকল্পগুলোরও সুন্দর সুন্দর নাম দেয়া হয়েছে যেমন- মাছরাঙ্গা, শৈবাল, ঝিনুক, পানকৌড়ি, শাপলা, পদ্ম, সুগন্ধা, প্রশান্ত, হিমালয় প্রভৃতি।