সংবাদ সংক্ষেপ

মংলায় মতবিনিময় সভা মংলা সংবাদদাতা\ মংলায় তৃণমূল নারী নেতৃত্ব প্রকল্পের ফলাফল ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর-এর আয়োজনে ও এসডিসি’র (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশনস ইন বাংলাদেশ) সহযোগিতায় মঙ্গলবার শহরতলীর বটতলা এলাকায় রুপান্তরের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সিস সুদান হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাদপাই ইউপি চেয়ারম্যান মো: তরিকুল ইসলাম। শ্রীপুর থানায় ওপেন হাউস ডে শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মণ্ডল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার (ও,সি) জাহাঙ্গীর আলম, সদর ইউ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ। নন্দীগ্রাম প্রেস ক্লাবের কমিটি গঠন নন্দীগ্রামে (বগুড়া) সংবাদদাতা\ গত ২১ মে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবুর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বম্মতিক্রমে পুনরায় দারুস সালামত বাবুকে সভাপতি ও নাজমুল হুদাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কোটালীপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন বংলাদেশ কোটালীপাড়া এডিপি এর লাইভলিহুড সিকিউরিটি প্রজেক্টের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়া সভাপতিত্ব করেন। মান্দায় কারামুক্ত যুবদল নেতাদের সংবর্ধনা মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর মান্দায় সদ্য জামিনে কারামুক্ত বিএনপি ও যুবদল নেতাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মকলেছুর রহমান মকে। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র মান্দার সাবেক এমপি সামসুল আলম প্রামানিক। আদমদীঘিতে আট মাদকসেবীর কারাদণ্ড আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ মাদক সেবী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো—কুন্দগ্রামের মামুন তালুকদার, নওগাঁর শিমুলিয়ার বিদ্যুত্, ছাতনির শাহজাহান আলী, হবিবর রহমানের পুত্র ফিরোজ, আক্কেলপুর জাফেরপুরের ফরিদুল ইসলাম, পোওতার আব্বাছ মন্ডলের পুত্র মাসুদ রানা, সান্দিড়ার ছইম উদ্দিনের পুত্র সাইদুর, নিমাইদীঘির তোফাজ্জলের পুত্র আপেল। হোসেনপুরে সিদলা ইউপির বাজেট ঘোষণা হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি\ হোসেনপুর উপজেলা সিদলা ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি প্রাঙ্গণে মঙ্গলবার বাজেট ও করদাতাদের পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সিদ্দিকুর রহমান। গাইবান্ধায় চার গাঁজাসেবী ও বিক্রেতার কারাদণ্ড গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধায় মঙ্গলবার ২ গাঁজা ব্যবসায়ী ও ২ গাঁজা সেবনকারীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাইবান্ধা সদর উপজেলা সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। তেরখাদায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা তেরখাদা (খুলনা) সংবাদদাতা\ মঙ্গলবার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০১৩ সালের এস এস সি তে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন। দুমকিতে বিএনপির মতবিনিময় সভা দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলা শাখার বিএনপির উদ্যোগে দুমকিতে বিএনপির কার্যালয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাস্ট্র ও বাণিজ্য মন্ত্রী পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব আকন প্রমুখ। পীরগঞ্জে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ মঙ্গলবার ১ ধর্ষককে গ্রেফতার এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে তার প্রেমিক নওশাদ রেজা ঘুরতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার পৌর শহরের তাজপুর গ্রামে নিয়ে যায়। সেখানে প্রেমিক নওশাদসহ আরো ৪ যুবক ঐ স্কুলছাত্রীকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য চখা জনতার সহায়তায় সোবহান (২৫) নামে এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘোড়াঘাটে এনজিও পর্ষদের কমিটি গঠন ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ঘোড়াঘাট উপজেলা এনজিও পর্ষদের এক বার্ষিক সাধারণ সভা পর্ষদের সভাপতি দীপশিখার এরিয়া ম্যানেজার রজব আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে রজব আলী মন্ডলকে সভাপতি, আসাদুজ্জামান সবুজকে সাধারণ সম্পাদক, তারেকা বেগমকে অর্থ সম্পাদক ও খাইরুল ইসলামকে প্রচার সম্পাদক করে ঘোড়াঘাট উপজেলা এনজিও পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়। বেতাগীতে ধূমপানের অপরাধে ৬ জনের জরিমানা বেতাগী (বরগুনা) সংবাদদাতা\ বেতাগীতে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার বারটায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে বেতাগী পৌর শহরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিচালনাকালে পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপানরত অবস্থায় মোঃ নুরুল হক, আবদুস সত্তার, মোঃ মনির হোসেন, মোঃ রাসেল, মোঃ রফিক, ছত্তার মিয়াসহ ৫ জনকে ৫০ টাকা করে ও ১ জনকে ১৪ টাকা মোট ২৬৪ টাকা জরিমানা করা হয়েছে। কেন্দুয়ায় চুরির দায়ে ভূমি কর্মকর্তা বরখাস্ত কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা\ সরকারি পুকুর থেকে মাছ চুরির অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক আনিস মাহমুদ এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন। গৌরীপুরে গাঁজা বিক্রেতা ও সেবীর কারাদণ্ড গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার গাঁজা ব্যবসা ও সেবন করার দায়ে ২ জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ লাল মিয়া, এ এস আই আবু হানিফসহ ৫ জনের একটি টিম অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বোকাইনগর গ্রামের সাহাব উদ্দিন (৫৫) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ও একই উপজেলার গাঁজা সেবনের সময় আব্দুল আউয়াল (৬০)কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট শায়লা ইয়াসমিন-এর ভ্রাম্যমাণ আদালত গাঁজা রাখা ও বিক্রির দায়ে সাহাব উদ্দিনকে ৬ মাস বিনাশ্রম এবং গাঁজা সেবনের দায়ে আব্দুল আউয়ালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। সারিয়াকান্দিতে চৌকারাগ যুব সংঘে শিক্ষার্থী সংবর্ধনা সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ মঙ্গলবার সারিয়াকান্দির রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে চৌকারাগ যুব সংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী। বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মুনজিল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবদুল গফুর, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী প্রমুখ। মহাদেবপুরে বাসদের সমাবেশ মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা\ মহাদেবপুরে ৮শ’ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালুসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার বাসষ্ট্যান্ড চার মাথার মোড়ে বাসদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, উপজেলা বাসদের সদস্য সচিব কালিপদ সরকার, বাসদের সদর ইউনিয়ন সভাপতি শৈলেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। ইসলামপুরে স্বেচ্ছাসেবক দলের কমিটি ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর উপজেলা শাখা বিএনপি’র পৌর স্বেচ্ছাসেবক দল সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সমর্থিত সমপ্রতি হেভেন চাইল্ড স্কুল মাঠে ৩নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার। মেহেরপুর হাসপাতালে বিক্ষোভ সমাবেশ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেনারেল হাসপাতালকে দালাল মুক্ত করার দাবিতে গতকাল বুধবার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবালের নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল, জহুরুল হক, নূরুল ইসলাম প্রমুখ। কুলাউড়ায় বোমা তৈরির সময় ৪ যুবক আহত কুলাউড়া (মৌলভী বাজার) সংবাদদাতা \ মঙ্গলবার সন্ধ্যার কিছু পূর্বে উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের অন্তর্গত কাজলদাড়া চা বাগানের সীমানায় রাবার বাগানের কাছে গোসাইঠিলায় বোমা তৈরিকালে ৪ যুবক আহত হয়। তন্মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরিত বোমার আঘাতে আহত মনোহরপুর গ্রামের সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক এ্যাসিটেন্ট আব্দুল খালিকের ছেলে আবু ছাদিক এমাদ (১৬) ও ব্রাহ্মণবাজার সংলগ্ন গুড়াভূই গ্রামের কাতার প্রবাসী আব্দুল লতিফের পুত্র আব্দুল আজিজ রকিকে (১৬) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন নওগাঁ প্রতিনিধি\ সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার মানববন্ধন চলাকালে জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী নেতা নরেন পাহান, ভারত পাহান, জেলা সিপিবি নেতা ময়নুল হক মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। শিবচর উপজেলা জামায়াত আমিরের পদত্যাগ শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শাজাহান মিয়া দলীয় পদসহ সব কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। তিনি এ সংক্রান্ত একটি লিখিত পদত্যাগপত্র ও অঙ্গীকারনামা তার কর্মস্থল পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ে জমা দিয়েছেন। মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ বাংলাদেশ ছাত্রলীগ মুন্সীগঞ্জ জেলা শাখা বুধবার এক কর্মী সমাবেশের আয়োজন করে। আগামী ২৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুন্সীগঞ্জ জেলার মাওয়া সফর সফল করার লক্ষে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। লৌহজং ডিগ্রী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি।