বরবটি চাষ করে ফটিকছড়ির শতাধিক পরিবার স্বাবলম্বী

বরবটিসহ মৌসুমী সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উত্তর ফটিকছড়ির দাতমারা ইউপির দুই গ্রামের মানুষ। রহমতপুর ও মনোয়ারখীল গ্রামের শতাধিক বাসিন্দা সবজি চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে কয়েকশ একর পাহাড়ি টিলা জমিতে এই বরবটির চাষ হচ্ছে। ওই দুই গ্রাম থেকে প্রতিদিন ১৪/১৫ হাজার কেজি বরবটি জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায়। ১০ টাকা কেজি দরে পাইকারি হারে বিক্রি হলে এর থেকে কৃষকের দৈনিক আয় প্রায় দেড় লাখ টাকা। গ্রামের বরবটি চাষি মাহমুদুল ইসলাম, খায়রুল আলম, আসলাম মিয়া, আয়ুব আলী, মো. মাহাবুব, আব্দুল হক জানান, তাদের এক একর বরবটি চাষ করতে খরচ পড়ে প্রায় ৩৫/৪০ হাজার টাকা। কিন্তু এই সবজি থেকে তাদের আয় হয় প্রায় এক লাখ টাকা। এই এলাকায় আমন মৌসুমে ধান চাষ করা হয়। বাকি সময় এই দুই গ্রামের মানুষকে নির্ভর করতে হয় মৌসুমী সবজির উপর। এবার জাপানী সাদা এবং দেশীয় সবুজ বীজ বুনেছেন তারা। তবে ফলনের দিক থেকে দেশীয় জাত সবুজ বরবটির ফলন ভালো বলে তারা অভিন্ন মত প্রকাশ করেন। বীজ বপনের ৪০ দিনের মাথায় উত্পাদন শুরু হয়ে একদিন অন্তর অন্তর পরবর্তী দেড়-দুই মাস বরবটি তোলা যায়। ইতিপূর্বে তারা জমিতে বেগুন, সীম, আলু ইত্যাদি চাষ করেছেন। বরবটি শেষে তারা পুনরায় আমন চাষে ফিরে যাবেন। কৃষকেরা জানান, এব্যাপারে কৃষি অফিসের পরামর্শ তো দূরের কথা, অফিসের কোন মানুষকে কোন সময় তারা দেখেননি। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. জানে আলম জানান, দুর্গম পাহাড়ি এলাকার এ দুই গ্রামের মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে নিজেদের চেষ্টায় সফলতার মুখ দেখেছেন।