রাঙ্গামাটিতে রাস্তা অবরোধ করে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যের সমাবেশ

পার্বত্য ভূমি সমস্যার সমাধান, শান্তি চুক্তির ‘বৈষম্যমূলক’ ধারাগুলো বাতিল, পার্বত্যাঞ্চলে বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ পার্বত্যাঞ্চল নিয়ে ‘ষড়যন্ত্রকারীদের’ রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবিতে রাঙ্গামাটি শহরে মানববন্ধন, স্মারকলিপি পেশ ও ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল বুধবার শহরের বনরূপা বাজারে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি উজ্জ্বল পাল ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছসহ অন্য নেতৃবৃন্দ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের বিপক্ষে সংবাদ পরিবেশন করার প্রতিবাদে একটি জাতীয় দৈনিক পত্রিকায় অগ্নিসংযোগ করে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৫ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য বাঙালিদেরকে সাংবিধানিক অধিকার দিতে হবে, পার্বত্য শান্তি চুক্তির বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করতে হবে, বাংলাদেশ সংবিধানের প্রচলিত আইন অনুযায়ী পার্বত্য ভূমির সমস্যার সমাধান করতে হবে, পার্বত্যাঞ্চল নিয়ে ‘ষড়যন্ত্রকারীদের’ দেশদ্রোহী মামলায় বিচারের আওতায় আনতে হবে, পার্বত্যাঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন পূর্বক পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।