সংখ্যালঘুর বাড়ি দখল
গৌরনদীতে ১৮ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০২
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের বাড়ি দখল ও লুটপাটের ঘটনায় অবশেষে সরকার দলীয় ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পৌর সদরের সুন্দরদী মহল্লার কানাই লাল চন্দ্র অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সকালে কমান্ডো স্টাইলে পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী সজল, গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ রুবেল তালুকদার, মোঃ শাহদাত তালুকদার, জুয়েল খান, ইউপি সদস্য ও যুবলীগ সদস্য মোঃ মিলন হাওলাদার, আলামিন, সমীর সরকারসহ তাদের ভাড়াটে সন্ত্রাসীরা সকাল সাড়ে সাতটার দিকে তার বাড়িতে প্রবেশ করে। এরপর উত্তর পাশে একটি টিনের ঘর তুলে সম্পত্তির আংশিক দখল নেয়। বিষয়টি গৌরনদী থানাকে জানালেও পুলিশ অসহযোগিতা করে। দখলকারীরা বাড়ির পুকুরের মাছ ধরে নিয়ে যায়। গাছ কেটে নিয়ে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বরিশাল পুলিশ সুপার এহসানউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুর রহমান, এএসপি সার্কেল মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে দিপক দত্ত বাদী হয়ে পৌর কাউন্সিলর কাজী সজলসহ সরকার দলীয় ১৭/১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আলামিন হাওলাদার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, আমরা আমাদের ক্রয়কৃত জমির গাছ কেটে ঘর তৈরি করেছি, অন্য কারো জমি দখল করিনি।