পদ্মা সেতু মামলা

ডায়েরি না হলেও অনুলিপি সংগ্রহ করবে দুদক দল

পদ্মা সেতু দুর্নীতি মামলার অন্যতম প্রমাণপত্র রমেশের ডায়েরি সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। যদি ডায়েরি সংগ্রহ করা না যায় তাহলে ডায়েরির পাতা বা অনুলিপি সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। গতকাল বুধবার দুদক কার্যালয়ে নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, কানাডার আদালতে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের ঘটনায় এসএনসি লাভালিনের বিচার চলছে। এ ঘটনায় দুদকের দায়েরকৃত মামলার তিন আসামি কেভিন ওয়ালেস, রমেশ শাহ ও মো. ইসমাইল বর্তমানে কানাডায় কারাঅন্তরীণ রয়েছেন। তাদের বিচারকাজ পর্যবেক্ষণ ও কেভিন ওয়ালেস, রমেশ শাহ, মো. ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুদকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক এবং পদ্মা সেতু দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলমকে নিয়ে গঠিত দুদকের টিম গত ১৯ মে কানাডায় গিয়েছেন। দুদকের দলটি রমেশের সেই কথিত ডায়েরি সংগ্রহেরও চেষ্টা করছেন। দলটি কানাডা থেকে ফেরার পর এই ঘটনার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন। দুদক দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে ফয়জুর বলেন, ওনারা (দুদক দলের সদস্যরা) এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন তথ্য উপাত্ত পেয়েছেন বলে আমরা জানি না, তবে সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন। এ ক্ষেত্রে কানাডা সরকারের সহযোগিতার অভাব রয়েছে কী না জানতে চাওয়া হলে সচিব বলেন, এখানে অনেক আনুষ্ঠানিকতার বিষয় আছে। এসএনসি লাভালিন কানাডীয় কোম্পানি। কানাডা সরকারের অভ্যন্তরীণ বিষয় অন্য একটি দেশের কাছে প্রকাশ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তবে তারা (দুদক দল) সর্বোচ্চ চেষ্টা করছেন। আশা করি, তারা সফল হবেন। তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি, তারা তদন্তে অগ্রগতির সহায়ক কিছু নিয়ে আসতে পারবেন।