মুজাহিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:২১
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করেন এডভোকেট সৈয়দ মিজানুর রহমান।
প্রথমদিনে তিনি মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ৭টি অভিযোগের মধ্যে প্রথম দুইটি অভিযোগের উপর যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী বলেন, সাংবাদিক সিরাজুদ্দিনকে হত্যার ঘটনায় স্বাধীনতার পর ৭২ সালে একটি মামলা করা হয়েছিল। সে মামলায় মুজাহিদের নাম উল্লেখ করা হয়নি। পরে অপর আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবীর সাংবাদিকদের জানান, সিরাজুদ্দিনসহ একাত্তরে বুদ্ধিজীবীদের গণহত্যার সঙ্গে মুজাহিদের কোন সম্পৃক্ততা নেই। একই ট্রাইব্যুনালে অপর মামলায় অভিযুক্ত বিএনপির সাবেক নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী আব্দুল হামিদ সাকিদারকে জেরা শেষ করে আসামিপক্ষ। জেরা শেষে মামলার কার্যক্রম রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।