ইনানী বিচে পর্যটক হ্রাস
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৪৫
কক্সবাজারের দ্বিতীয় বৃহত্তম পর্যটন স্পট উখিয়ার ইনানী বিচে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ায় আনন্দ কোলাহল ঝিমিয়ে পড়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাব, ঘন ঘন হরতালসহ স্থায়ী অবসর বিনোদনের সুব্যবস্থা না থাকায় পর্যটকের আনাগোনা কমেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে করে কক্সবাজারসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় গড়ে উঠা হোটেল-মোটেল ও গেষ্ট হাউজগুলোতে চলছে চরম দুর্দিন।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক পথে মাত্র ৩০ মিনিটের পথ ইনানী সমুদ্র সৈকত। একদিকে সুউচ্চ পাহাড়, অপরদিকে বিশাল বঙ্গোপসাগর থেকে গর্জন করে ধেয়ে আসা ঢেউ দেখতে অপূর্ব লাগে। পর্যটকদের স্মৃতির মণিকোটায় জায়গা করে নেয়ার জন্য এখানে রয়েছে, পাথরের স্তূপ, কানা রাজার গুহা প্রভৃতি। পর্যটকদের স্থায়ী অবসর বিনোদনের সু-ব্যবস্থা না থাকলেও ইনানীর অপরূপ নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি হাজারো পর্যটকের আগমন ঘটে বারো মাস।
গতকাল বুধবার ইনানী বিচ ঘুরে দেখা যায়, স্থানীয় কিছুসংখ্যক পর্যটক ঘোরাঘুরি করছেন। স্থানীয় পর্যটক কক্সবাজারের মমতাজুল ইসলাম (৩৪) জানান, সপরিবারে এসেছিলেন ইনানী ঘুরে দেখতে। এখানে দূর-দূরান্তের কোন পর্যটক না থাকায় মনে হচ্ছিল ইনানীর পর্যটন পরিবেশ ঝিমিয়ে পড়েছে। ইনানী প্যাবেল ষ্টোনের পরিচালক মাঈনুদ্দিন জানান, আবহাওয়ার বিরূপ প্রভাব ও সতর্ক সংকেত বলবত্ থাকার কারণে দূর-দূরান্তের পর্যটকেরা আসছেন না। পাশাপাশি ঘন ঘন হরতালের প্রভাব পড়েছে কক্সবাজারসহ ইনানীতে গড়ে উঠা হোটেল-মোটেল ও গেষ্ট হাউজগুলোতে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাশরুল হক জানান, পর্যটক না থাকায় পর্যটন পরিবেশের আইন-শৃংখলা নিয়ে তাদের আপাতত মাথাব্যথা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইনানীর পর্যটন পরিবেশকে আরো উন্নত করে পর্যটক আকর্ষণের জন্য ইতিমধ্যে বহুমুখী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ইনানী হয়ে উঠবে দেশের অন্যতম পর্যটন স্পট। এতে একদিকে যেমন পর্যটন হতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়ে এলাকার মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে।