রামগতিতে নির্মাণের ৫ বছরেও চালু হয়নি আবহাওয়া অফিস

পাঁচ বছরেও লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া অফিসের কার্যক্রম চালু হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আবহাওয়া অফিসের ভবনটি পরিণত হয়েছে বখাটে ও নেশাখোরদের আড্ডাখানায়। এতে করে প্রতিনিয়ত এখানে চলছে অসামাজিক কার্যকলাপ। মেঘনা উপকূলীয় এ জেলায় বসবাস করছে প্রায় ১৭ লাখ মানুষ। এর মধ্যে ৬২ হাজার জেলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। জেলেসহ উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকার রামগতি উপজেলার চর সেকান্দরে ২০০৮-২০০৯ অর্থ বছরে দেড় একর ভূমির ওপর নৌ-চলাচল পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ করে। নির্মাণের ৫বছর অতিবাহিত হলেও এখনো শুরু হয়নি এর কার্যক্রম। ফলে নবনির্মিত এ ভবনটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। ভবনের সামনে থাকা বিশাল মাঠ এখন গোচারণ ভূমি । কলেজ ছাত্র ইসমাইল হোসেন বলেন, এখানে আবহাওয়া অফিস আছে, তবে কোন কার্যক্রম নেই। ফলে দিন-রাতে বাজে লোকজন এ ভবনে ঢুকে মদ গাঁজাসহ বিভিন্ন নেশা করে থাকে। এ সড়কে স্কুল বা কলেজে যাতায়াত করতে গিয়ে অনেক স্কুল-কলেজগামী ছাত্রীরা ইভটিজিংসহ বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। স্থানীয় জমিদাতা রহিম মাঝি, সালামত উল্যাহ ও আবদুল খালেক বলেন, আমরা বড় আশা করে জমি দান করেছি। আমাদের জমি থাকলে আমরা ফসল পাইতাম। কিন্তু এখন কোনটাই হলো না বরং আমাদের ক্ষতি হয়েছে। তাই সরকারের কাছে আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব যেন আবহাওয়া অফিসটি চালু করা হয়। রামগতি পৌরসভার মেয়র শাহেদ আলী পটু জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডে আবহাওয়া অফিসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন এখানে বসে জুয়ার আসর। লক্ষ্মীপুর জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তী বলেন, আবহাওয়া অফিস ভবনটি অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আগামী কয়েক মাসের মধ্যে এখানে জনবল নিয়োগ দেয়া হবে। এর কার্যক্রম শুরু হলে এখান থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার আবহাওয়ার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। আবহাওয়ার তথ্যের জন্য ঢাকা আবহাওয়া অধিদপ্তরের দিকে আমাদের আর তাকাতে হবে না।