মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প

নগরীর কেন্দ্রস্থলে নানামুখী জটিলতায় কাজে ধীরগতি

রাজধানীর প্রাণকেন্দ্রে নির্মীয়মাণ মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প দীর্ঘসূত্রতার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ এ ফ্লাইওভার নির্মাণকে ঘিরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। প্রকল্প এলাকায় অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি এবং যত্রতত্র নির্মাণবেষ্টনী তৈরি করার কারণে এসব এলাকার প্রতিটি সড়ক দিনভর তীব্র যানজটে অবরুদ্ধ থাকে। এলাকাবাসী অভিযোগ করেছেন, এ ধরনের বৃহত্ প্রকল্প বাস্তবায়নকালে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য যে ধরনের বিকল্প ব্যবস্থা নেয়া দরকার তার ছিটেফোঁটাও বাস্তবে দেখা যাচ্ছে না। ফলে প্রকল্পটিকে ঘিরে ইতিমধ্যেই অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরীর মধ্যাঞ্চলের বাসিন্দারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু করা হলেও প্রকল্পটির ডিটেইলড ডিজাইন বা বিস্তারিত নকশা এখনো প্রণয়ন করা হয়নি। এমনকি এ কাজের জন্য পরামর্শকও নিয়োগ হয়নি। এ অবস্থায় কিসের ভিত্তিতে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলো এবং কাজের আইটেমভিত্তিক পরিমাপ ও প্রাক্কলন কিভাবে করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিস্তারিত নকশা ছাড়াই নির্মাণ কাজ শুরু করার কারণে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া শেষ পর্যন্ত দীর্ঘসূত্রতার কবলে পড়তে পারে। এছাড়া প্রাথমিকভাবে প্রাক্কলিত ব্যয় বেড়ে গিয়ে দ্বিগুণও হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে ইত্তেফাক প্রতিনিধির সঙ্গে আলাপকালে প্রকল্প পরিচালক মো. নাজমুল আলম বলেন, যেহেতু প্রকল্পটি নগরীর একেবারে কেন্দ্রস্থলে হচ্ছে, তাই এটি বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জও অনেক বেশি। বিশেষত যানবাহন চলাচলের জন্য যথাযথ বিকল্প ব্যবস্থা করাটা খুব দুরূহ। তাছাড়া এই এলাকায় পানি, গ্যাস, স্যুয়ারেজ ও টেলিফোন লাইনসহ বিভিন্ন ধরনের ইউটিলিটি জটিলতা অনেক বেশি। সে কারণেই বিস্তারিত ডিজাইন তৈরিতে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সালে একবার ডিটেইলড ডিজাইন করা হয়েছিল। কিন্তু সেটা যেহেতু অনেকদিন আগের তাই এখন এটাকে সময়োপযোগী করা হচ্ছে। এই কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কেও যুক্ত করা হয়েছে। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্প ব্যয় কিছুটা বাড়তে পারে। নগরীর মগবাজার, মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় ৮ দশমিক ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় ৬ মাস আগে। দেশি-বিদেশি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৭৩ কোটি টাকা। জানা গেছে, একক প্রকল্প হলেও এটিকে পৃথক তিনটি প্যাকেজে বিভক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য তিনটি আলাদা নির্মাণ ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছে সরকার। এর মধ্যে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠায় বিদেশি অর্থায়নকারীদের আপত্তির মুখে একটি প্যাকেজের কাজের জন্য পুনঃদরপত্র আহবান করা হয়েছে। বাকি দুইটির মধ্যে একটি প্যাকেজের কাজ পাবার পর সংশ্লিষ্ট ঠািকাদার সরকারের যথাযথ অনুমোদন ছাড়াই সেটি স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে দিয়েছে। এ নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। সব মিলিয়ে শুরুতেই এক ধরনের বিপত্তির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। বিস্তারিত ডিজাইন তৈরি না হলেও এরই মধ্যে প্রকল্প এলাকার বিভিন্ন অংশে অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি এবং রাস্তার ওপর নির্মাণবেষ্টানী তৈরি করা হয়েছে। ফলে মগবাজার, ইস্কাটন, রমনা, মৌচাক, মালিবাগ প্রভৃতি এলাকার বাসিন্দারা মারাত্মক দুর্ভোগের কবলে পতিত হয়েছেন। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সংশ্লিষ্ট সড়কগুলো। এছাড়া যানবাহন চলাচলের জন্য যথেষ্ট বিকল্প ব্যবস্থা না করার কারণে প্রকল্প এলাকার প্রতিটি সড়কই দিনভর তীব্র যানজটে অবরুদ্ধ থাকে। সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা শাহিন শাহ কামাল ইত্তেফাককে বলেন:ফ্লাইওভার তৈরি হচ্ছে ভালো কথা। কিন্তু এটি তৈরির সময় জনসাধারণের দুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে রাখার ব্যবস্থা থাকা দরকার। সেরকম কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। সে কারণে পথচারী এবং এলাকাবাসীদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।