গাজীপুর সিটির নির্বাচন ৬ জুলাই কিশোরগঞ্জ উপ-নির্বাচন ৩ জুলাই

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ জুলাই এই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ আসনের তফসিলও ঘোষণা করেছে ইসি। এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ জুলাই। গতকাল কমিশন সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ গাজীপুর সিটি করপোরেশন ও কিশোরগঞ্জের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসি সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, গাজীপুর সিটির প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৬ জুন, প্রার্থিতা যাচাই-বাছাই ৯ ও ১০ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৭ জুন এবং ভোটগ্রহণ হবে ৬ জুলাই। এর পাশাপাশি কিশোরগঞ্জের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৬ জুন, যাচাই-বাছাই ৯ জুন, প্রার্থিতা প্রত্যাহার ১৭ জুন এবং ভোটগ্রহণ হবে ৩ জুলাই। গাজীপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের উপ-সচিব মতিয়ার রহমান। আর কিশোরগঞ্জের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ময়মনসিংহ জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন। গাজীপুর সিটির সাধারণ ২৫ নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ২৩টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এক নজরে গাজীপুর সিটি করপোরেশন গাজীপুর সিটির সাধারণ ওয়ার্ড ৫৭টি, সংরক্ষিত ১৯টি, ভোটকেন্দ্র ৩৮৪টি এবং ভোটকক্ষ ২২৫০টি। মোট ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৯৯ হাজার এবং নারী ৫ লাখ ২৭ হাজার। ৫ লাখ ভোটার সম্বলিত নির্বাচনী এলাকার জন্য মেয়র প্রার্থীদের জামানত ২০ হাজার, ৫ থেকে ১০ লাখ ভোটারের জন্য ৩০ হাজার, ১০ থেকে ২০ লাখ ভোটারের জন্য ৫০ হাজার এবং ২০ লাখের বেশি ভোটার রয়েছে এমন এলাকার জন্য ১ লাখ টাকা। আর কাউন্সিলর প্রার্থীদের জন্য অনধিক ১৫ হাজার ভোটার সম্বলিত এলাকার জন্য ১০ হাজার টাকা, ১৫ থেকে ৩০ হাজার ভোটারের জন্য ২০ হাজার টাকা, ৩০ থেকে ৫০ হাজার ভোটারের জন্য ৩০ হাজার এবং ৫০ থেকে তার বেশি ভোটারের জন্য প্রার্থীর জামানত ৫০ হাজার টাকা। চলতি বছরের ৭ জানুয়ারি টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এরপর ১৬ জানুয়ারি দেশের একাদশ সিটি করপোরেশন হিসেবে গাজীপুরের নাম ঘোষণা করা হয়। ২৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ নবগঠিত এ সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ তালিকার গেজেট প্রকাশ করে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ৩৪(১)(ক) ধারা অনুযায়ী নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার বিধান ছিল। কিশোরগঞ্জ-৪ উপ-নির্বাচন সরকারের মেয়াদ আর সাত মাস বাকি থাকতে সংসদে নতুন জনপ্রতিনিধি পাঠাতে হবে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের ভোটারদের। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ এডভোকেট শপথ নেয়ায় কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনটি শূন্য হয়। জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৫ কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন রিটার্নিং অফিসারের পাশাপাশি সহকারী রিটার্নিং অফিসাররা হিসাবে থাকছেন সৈয়দ আমিরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও মো. মোশাররফ হোসেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪১ হাজার এবং নারী ১ লাখ ৩৮ হাজার।