গ্যাস সংকট তীব্র, শিল্প উত্পাদন বিঘ্নিত
জামাল উদ্দীন ও রফিকুল বাসার
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৪৯
গ্যাস সংকট আবারো তীব্র হয়ে উঠেছে। হেঁসেলে সংকট। কলে-কারখানায়ও। শহুরে গৃহিণীদের রান্নাকর্মে ভোগান্তি হচ্ছে। উত্পাদন বিঘ্নিত হচ্ছে শিল্প-কারখানায়। ফলে, অর্থবছরের শেষ দিকে এসে এমন সংকট জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকেও পেছনে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, এ সংকট সাময়িক। মাসখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের প্রসেসপ্ল¬্যান্ট রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। গত ১৭ মে থেকে শুরু হওয়া এই কাজ শেষ হবে ৩রা বা ৪ঠা জুন। ফলে এই সময় ওই ক্ষেত্র থেকে প্রাপ্ত ১৭ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস ঘাটতি হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য এর মধ্যে কয়েকটি এলাকা থেকে গ্যাস রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। এতে ঘাটতি থাকলেও গ্রাহকদের তেমন ভোগান্তি হচ্ছে না। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে মোট গ্যাস সরবরাহ বাড়বে বলে তিনি জানান।
কারখানা মালিকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকও পাওয়া যাচ্ছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে অনেক ছোট-বড় প্রতিষ্ঠান। আবার অনেক কারখানা ২৫ থেকে ৩০ শতাংশ উত্পাদন করে ধুঁকে ধুঁকে চলছে। এ অবস্থায় শিল্পখাতে নতুন বিনিয়োগ তো হচ্ছেই না বরং বিদ্যমান উত্পাদন বিপর্যয় ঠেকাতেই হিমশিম খাচ্ছে শিল্পপতিরা।
একদিকে বিদ্যুতের লোডশেডিং অন্যদিকে গ্যাসের চাপ কম। যদিও বিদ্যুতের লোডশেডিং কিছুদিন থেকে আগের তুলনায় কম। ঢাকাসহ সাভার, গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সবগুলো শিল্প এলাকারই চিত্র এক। তৈরি পোশাক, কম্পোজিট টেক্সটাইল, পাট, স্টিল, রি-রোলিং, সিমেন্টসহ প্রায় সব ধরনের ছোট-বড় শিল্পে এ অবস্থা চলছে।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম বলেন, তিতাস এলাকায় প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হচ্ছে। সাময়িকভাবে এই কম সরবরাহ করা হচ্ছে। কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে।
গ্যাস সংকট ও গ্যাসের প্রাচুর্য নিয়ে বাংলাদেশে নানান কথা রয়েছে। কোন কোন জরিপে এমনও বলা হয়েছে যে, বাংলাদেশ গ্যাসের ওপরে ভাসছে। তাহলে গ্যাস সংকট কেন- এমন প্রশ্নও রয়েছে। গ্যাস উত্তোলনে প্রয়োজনীয় ব্যয় ও দক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। আবার বিদেশি কোম্পানিগুলো নিশ্চিত ব্লকগুলোতেই গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহ দেখায়।
তথ্য অনুযায়ী, ষাটের দশক থেকে গ্যাস উত্তোলন শুরু হলেও নব্বইয়ের দশক থেকে উত্তোলন দ্রুত বাড়তে থাকে। বর্তমানে বাখরাবাদসহ কয়েকটি গ্যাসক্ষেত্রে মজুদ কমে এসেছে। নতুন গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। দৈনিক মোট গ্যাসের চাহিদা দুই হাজার ৫০০ কোটি ঘনফুট। এর বিপরীতে এখন গড়ে গ্যাস সরবরাহ হচ্ছে দুই হাজার কোটি ঘনফুট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি যে তাদের গ্যাস উত্তোলন-সামর্থ্য আরও বেশি। বিভিন্ন স্তরে কিছু চ্যালেঞ্জ থাকায় তা সম্ভব হচ্ছে না। সরবরাহকৃত এ গ্যাস দেশের মোট জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ পূরণ করছে। এর মধ্যে বিদ্যুত্ উত্পাদনে ৪২ শতাংশ, শিল্প-কারখানায় ১৭ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুত্ উত্পাদনে ১৬ শতাংশ, বাসা-বাড়িতে ১২ শতাংশ, সার উত্পাদনে ৭ শতাংশ, সিএনজিতে ৫ শতাংশ এবং বাণিজ্যিকভাবে ১ শতাংশ গ্যাস ব্যবহূত হচ্ছে। হিসাব অনুযায়ী এই বিভাজনে ঠিকমত গ্যাস সরবরাহ হচ্ছে না। উপরন্তু, সরকার আবাসিক বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অবৈধ সংযোগগুলো স্থায়ীকরণের পর নতুন সংযোগ দেয়া হবে। তাতে সংকট সামাল দেয়া যাবে কি না, সেটাও ভাববার বিষয়। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের শুরু থেকেই গ্যাস সংকট তীব্র ছিল। লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত ছিল। সকালের পর থেকেই বাসা-বাড়িতে গ্যাস থাকতো না। শিল্প-কারখানায় গ্যাসের চাপ কমে যেতো। উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হলেও এখন আবার তা তীব্র আকার ধারণ করেছে। উদ্যোক্তারা জানান, ক্যাপটিভের জন্য যে গ্যাস প্রয়োজন তাও পাওয়া যাচ্ছে না। ডিজেল দিয়ে ক্যাপটিভ চালাতে গিয়ে উত্পাদন খরচ বেড়ে যাচ্ছে।
এদিকে, উত্পাদন ব্যাহত হওয়ায় শিল্প উদ্যোক্তারাও নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। ঠিকমত উত্পাদন না হলেও ব্যাংকের ঋণের কিস্তি দিতে হচ্ছে। আর তাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। খেলাপি ঋণের সংজ্ঞার পরিবর্তন করায় তা আরো সংকটে ফেলে দিয়েছে উদ্যোক্তাদের। স্পেশাল ম্যানসন একাউন্ট (এসএমএ) হয়ে যাচ্ছে অনেক ঋণ হিসাব। মাত্র ৬০দিনের ব্যবধানে এসএমএ করার বিধানকে উদ্যোক্তারা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয়। এখানে হরতাল, রাজনৈতিক অস্থিরতা থাকে। বন্দর থেকে পণ্য খালাস করা থেকে শুরু করে তা গুদামজাত করাসহ অন্যান্য ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এর মধ্যে গ্যাসের সংকট উদ্যোক্তাদের ঋণ হিসাবকে খেলাপি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, গ্যাস-বিদ্যুতের সঙ্কটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় উত্পাদন খরচ ও সরবরাহ খরচ বেড়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন বিনিয়োগেও উদ্যোক্তারা ভরসা পাচ্ছেন না। ফলে বিনিয়োগ কমে যাচ্ছে। চাপ সৃষ্টি হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতিতে। তাই জ্বালানি সরবরাহ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।