দোষীদের বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডের ধারায় মামলার প্রস্তাব
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫০
সাভারের রানা প্লাজা ধসের পাঁচ কারণ চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এ ধরনের ঘটনা এড়াতে কমিটি ১২ দফা সুপারিশ করেছে সরকারের কাছে। যেসব ব্যক্তি বা গোষ্ঠীর অবহেলায় প্রাণহানী ঘটেছে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৪/৩৪ ধারায় মামলা রুজু করতে সুপারিশ করেছে কমিটি। এই ধারার মামলায় অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
গতকাল বুধবার কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনউদ্দিন খন্দকার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। চার পৃষ্ঠার প্রতিবেদনে রানা প্লাজা ধসের যে পাঁচ কারণ চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার, বিল্ডিং কোড অনুসরণ না করা, বিপণী বিতানে কারখানা স্থাপন, ফ্লোরে জেনারেটর স্থাপন এবং ফাটলের পরে বিপুল সংখ্যক মানুষকে ভবনের অভ্যন্তরে প্রবেশ করানো।
রানা প্লাজার মালিক সোহেল রানা, ওই ভবনে স্থাপিত তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানসমূহের মালিক এবং যেসব ব্যক্তি জোর করে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশে বাধ্য করে তাদের অভিযুক্ত করে সুপারিশকৃত ধারায় মামলা করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জনের প্রাণহানী ঘটে। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার ব্যক্তিকে। অসংখ্য ব্যক্তি আহত হয়। সাভারস্থ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দ্দী বীর বিক্রমের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সাধারণ মানুষজন এ ঘটনার উদ্ধার তত্পরতা চালান। এ ঘটনার তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়।
গতকাল প্রতিবেদন প্রকাশকালে মাঈনউদ্দিন খন্দকার বলেন, ঘটনার প্রেক্ষিতে ১২টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—এত বড় ধ্বংসাত্মক ও বহুমাত্রিক বিপর্যয় সৃষ্টিকারী ঘটনার পুন: সংঘটন যে কোন মূল্যে প্রতিরোধ করা; শ্রমিকদের নিরাপদ ঝুঁকিমুক্ত ও আনন্দময় কর্মক্ষেত্র রচনার নিমিত্তে আইএলও কর্তৃক প্রবর্তিত বিধি বিধান কঠোরভাবে প্রতিপালনে সংশ্লিষ্টদের বাধ্য করা; শ্রমিকদের মধ্যেকার অসন্তোষ দূর করার জন্য যৌক্তিক ও সন্তোষজনক মজুরী প্রদান, মধ্যবর্তী পর্যায়ে শ্রমিক নিয়ন্ত্রণে নিবর্তনমূলক ব্যবস্থাদি পরিহার করা; অনৈতিক ও অশ্লীলতার চর্চা নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়া এবং নারী শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা; ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে অশ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করা, জঙ্গিবাদ, মৌলবাদ ও চরমপন্থার অনুশীলনরোধে নিবিড় নজরদারির ব্যবস্থা, প্রতিটি কারখানায় সিসিটিভি ২৪ ঘন্টা চালু রাখা; শ্রম আইন কঠোরভাবে অনুসরণ করা; শহরের বাইরে প্রমিত মানের তৈরি পোশাক পল্লী গড়ে তোলা; প্রতিটি কারখানার ঝুঁকিমাত্রা নির্ধারণ শনাক্ত করে প্রতিকারের ব্যবস্থা নেয়া; পরিত্যক্ত ঘোষিত ভবন ব্যবহার না করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ এবং এ ধরনের ভবন ব্যবহারকে বেআইনী ঘোষণা করা; আলাদাভাবে জাতীয় দুর্যোগ বাহিনী গঠন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও তাদের আরো প্রশিক্ষিত করা । সুপারিশে রানা প্লাজা ধসের ফলে নিহত ও আহতদের জন্য বিজিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ারও সুপারিশ করা হয়েছে।