গার্মেন্টস কর্মীদের আন্তর্জাতিক ন্যূনতম মজুরি দিতে হবে

বাংলাদেশের পোশাক শ্রমিকদের মৌলিক জীবনধারা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অব্যবস্থাপনার দোহাই দিয়ে ক্রেতাদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। পোশাক শ্রমিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা এই শিল্পের সাথে জড়িত দেশি-বিদেশি সকলের দায়িত্ব। মঙ্গলবার বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক শিল্প বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। নিউজনাইট বিবিসির বহুল জনপ্রিয় সাংবাদভিত্তিক অনুষ্ঠান। দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্লেষণ নিয়ে বিবিসি টু প্রতি রাতে এই অনুষ্ঠান সম্প্রচার করে। তিনি বলেন, রানা প্লাজার দুর্ঘটনা বাংলাদেশের পোশাক খাতের সমস্যা নিয়ে দেশি-বিদেশি সকলের চোখ খুলে দিয়েছে। কাজেই এ দুর্ঘটনা থেকে সংশোধনের সুযোগটা সকলকে নিতে হবে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্বনামধন্য সাংবাদিক জেরেমি পেক্সম্যান। অনুষ্ঠানের ঘটনাসহ পোশাক শিল্পের সার্বিক অবস্থা নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন প্রচার করা হয়। এতে বলা হয়, তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। প্রায় দুই হাজার কোটি ডলার রফতানি মূল্যের এ ব্যবসায় শ্রমিকদের কর্ম পরিবেশ জঘন্য। শ্রমিকদের সমস্যার দায় নিতে রাজি নন কেউ। শুরুতেই ড. ইউনূসের কাছে প্রশ্ন রাখা হয়, পোশাক শিল্পের এমন জঘন্য কর্মপরিবেশে পশ্চিমা ক্রেতাদের যাওয়ার কী প্রয়োজন আছে? তারা তো অন্যকোনো দেশ থেকে ঝামেলামুক্তভাবে কাজ করিয়ে আনতে পারেন। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প এখনো প্রাথমিক ধাপে রয়েছে। এ খাতে অনেক সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে ক্রেতাদেরও দায়িত্ব নেয়া জরুরি। ক্রেতারা ৫ ডলারে কাপড় বানিয়ে তা পশ্চিমা দেশগুলোতে ৩৫ ডলার করে বিক্রি করছে। অথচ প্রতি পোশাকের জন্য শ্রমিকরা পাচ্ছেন মাত্র ৫ সেন্ট।’ তিনি বলেন, শ্রমিকদের মজুরি ৫ সেন্টের স্থলে ৫০ সেন্ট করে দিলে সকল সমস্যা সমাধান সম্ভব। এ বিষয়ে সমঝোতার মাধ্যমে একটি আন্তর্জাতিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা যেতে পারে বলে মত দেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ পোশাক তৈরির জন্য খুবই ভাল স্থান। ভাল মানের পোশাক তৈরির জন্য বাংলাদেশ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ৪০ লাখ নারী শ্রমিক এ শিল্পে কাজ করছে। বাংলাদেশ থেকে দূরে সরে আসা কোনো সমাধান নয়। সমস্যা সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ পর্যায়ে পাল্টা প্রশ্ন করা হয়, সস্তা শ্রমের কারণেই তো বিদেশি কোম্পানি বাংলাদেশে যাচ্ছে, মজুরি বাড়ালে কোম্পানির সেখানে যাওয়ার দরকার কী? জবাবে ইউনূস বলেন, আমি বলছি না শ্রমিকদের জন্য পশ্চিমা ধাচের মৌলিক জীবন নিশ্চিত করতে, তাদের জন্য বাংলাদেশের অবস্থা অনুযায়ী মৌলিক জীবন ধারণের ব্যবস্থা করে দিলেই যথেষ্ট। তাছাড়া ৫০ সেন্ট করা হলেও মজুরি সস্তা থাকবে। তিনি বলেন, সমপরিমাণ মজুরিতে পশ্চিমা দেশের কোনো লোক কাজ করবে না। তাছাড়া এই পরিমাণ মজুরী বৃদ্ধির জন্য পোশাকের দামেও খুববেশি হেরফের হবে না।