না’গঞ্জে ১৫ প্রতিষ্ঠানকে ৯১ লাখ টাকা জরিমানা

বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদফতর ১৫টি শিল্প-কারখানাকে ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা করা বেশিরভাগ কারখানাতেই ‘ইটিপি’ নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও সোনারগাঁওয়ে বিভিন্ন টেক্সটাইল ও ডাইং কারখানায় গত ১৬ মে হতে ২০ মে পর্যন্ত টানা ৫ দিন এ অভিযান চলে। পরিবেশ অধিদফতর ঢাকার পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেনের স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশ অধিদফতরের ঢাকার এনফোর্সমেন্ট টিম, ঢাকা গবেষণাগার ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিম কারখানা পরিদর্শনকালে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৬ মে ৫টি, ১৯ মে ৪টি ও ২০ মে ৬টিসহ মোট ১৫টি শিল্প প্রতিষ্ঠানকে সর্বমোট ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।