নির্বাচনী আইন সংশোধনে ইসির প্রস্তাব মানছে না সরকার
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫১
নির্বাচনী আইন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনে নির্বাচন কমিশনের (ইসি) কিছু প্রস্তাব মানছে না সরকার। এ ধরনের ৪১টি প্রস্তাবের মধ্যে ২২টি প্রস্তাবের সঙ্গে আইন মন্ত্রণালয় একমত নয় বলে জানিয়ে দিয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে হতাশা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশকে আরো যুগোপযোগী ও সংস্কার করা সম্ভব নাও হতে পারে। ফলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশোধিত নির্বাচনী আইন ও বিধি-বিধান দিয়েই নির্বাচন করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে। বহুল আলোচিত নির্বাচনী আইন সংস্কারের এই প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরেই ইসি ও আইন মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে। এর আগে সাবেক সিইসি ড. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সংশোধনী প্রস্তাবও আইন মন্ত্রণালয় থেকে ফেরত পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের এ সব প্রস্তাব নিয়ে গত ১৪ মে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা নাসিরা খানের অফিসে একটি পর্যালোচনা সভায় এসব বিষয়ে মৌখিক মত প্রকাশ করে তা লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গত ১২ ও ১৩ মার্চ নির্বাচন কমিশনের ৩৭ তম সভায় আরপিও সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে তা ভেটিং-এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, আইন মন্ত্রণালয় থেকে ফেরত আসার পরে তাদের পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করা হবে। কমিশন সভায় উত্থাপনের পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ইসি জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসকদের ভোট গ্রহণ বন্ধ করে দেয়ার ক্ষমতা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব দিলেও আইন মন্ত্রণালয় তা ‘কাঙ্ক্ষিত নয়’ বলেছে। এছাড়া আরপিওর বিতর্কিত ৯১-ই ধারা বিধান বলে নির্বাচনী অপরাধের জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কারো প্রার্থিতা বাতিল করে একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার প্রস্তাবিত বিধানও সমর্থন করছে না তারা। নির্বাচনী অপরাধের দণ্ড কমিয়ে তা প্রয়োগের ক্ষমতা বিচারিক এবং নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটদের হাতে রাখার পক্ষে প্রস্তাব দেয়া হলেও আইন মন্ত্রণালয় ইতিবাচক মতামত দেয়নি। নির্বাচনী অপরাধের দণ্ড কমানোর প্রস্তাব সম্পর্কে আইন মন্ত্রণালয় কমিশনকে বলেছে, ‘মোবাইল কোর্ট আইন-২০০৯ পর্যালোচনান্তে এ বিষয়ে মতামত দেয়া হবে।
রিটার্নিং অফিসারদের হাতে ভোটগ্রহণ বন্ধ করে দেয়ার ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবে নির্বাচন কমিশনের যুক্তি ছিল, বিদ্যমান আরপিও অনুসারে কোন ভোটকেন্দ্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়া সত্ত্বেও যদি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ বন্ধ না করেন তা হলে আর কেউ তা বন্ধ করতে পারেন না। বহুল আলোচিত মাগুরা উপ-নির্বাচনের এমন অবস্থায় সে সময় নির্বাচন কমিশনেরও কিছু করার ছিল না। আগামী নির্বাচনেও যদি কোন প্রিজাইডিং অফিসার কোন পক্ষ অবলম্বন করে বা তাকে ভয়ভীতি দেখিয়ে অথবা অপহরণ করে ভোটকেন্দ্র দখল করে নেয় তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখার জন্য এ সংস্কার প্রস্তাব রাখা হয়েছিল। আইন মন্ত্রণালয় বলেছে, এক্ষেত্রে বিদ্যমান আইনই বহাল থাকা দরকার। দুই জায়গায় ক্ষমতা ভাগাভাগি কাঙ্ক্ষিত নয়। বিদ্যমান আরপিওর ২৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রিজাইডিং অফিসার প্রতিকূল পরিবেশের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেবার ক্ষমতা রাখেন। এ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ভোটগ্রহণ এমনভাবে বাধাগ্রস্ত হয় যে, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে ভোট গ্রহণ সম্ভব না অথবা ভোটকেন্দ্রে ব্যবহূত কোন ব্যালটবক্স প্রিজাইডিং অফিসারের হেফাজত থেকে বে-আইনিভাবে অপসারণ, দুর্ঘটনাক্রমে ক্ষতিগ্রস্ত বা ইচ্ছাকৃতভাবে নষ্ট করা বা হারিয়ে ফেলা হয় এবং তার ফলে ওই কেন্দ্রর ভোটের ফলাফল নির্ধারণে সমস্যা হলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করে দিতে পারবেন। একইসাথে ভোট গ্রহণ বন্ধের বিষয়টি তিনি রিটার্নিং অফিসারকে জানাবেন।
কিন্তু আরপিও সংস্কার প্রস্তাবে ইসি প্রিজাইডিং অফিসারের ওই ক্ষমতা রিটার্নিং অফিসারকে দেয়ারও প্রস্তাব রেখেছে। বলা হয়েছে, ২৫ (১) অনুচ্ছেদে উল্লিখিত পরিস্থিতি সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসার যদি ভোট গ্রহণ বন্ধ করতে অসমর্থ হন তাহলে রিটার্নিং অফিসার নিজেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিতে পারবেন। এদিকে বিদ্যমান আরপিওর ৯১-ই ধারা অনুসারে নির্বাচন কমিশন নির্বাচনী অপরাধের জন্য তদন্তসাপেক্ষ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে। এই ক্ষমতা প্রয়োগের পর সংশ্লিষ্ট আসনে যদি আর মাত্র একজন প্রতিদ্বন্দ্বি থাকে তাহলে ওই আসনে নির্বাচন বন্ধ করে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু এবার নির্বাচন কমিশনের প্রস্তাব ছিল, এ অবস্থায় ওই একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পক্ষে আইন সংশোধন করতে হবে।