গলাচিপায় টর্নেডোয় ১৭ ঘর বিধ্বস্ত

ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবের মাত্র ৫ দিন পর পটুয়াখালীর গলাচিপার ছোটশিবা গ্রামে গতকাল বুধবার টর্নেডোতে ১৭টি ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছ। হারুন মাতুব্বর (৪৫) নামে ১ জন আহতও হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছোটশিবা গ্রামে গতকাল সকালে ঝড়- বৃষ্টিসহ টর্নেডো আঘাত হানে। এ সময় মোশারফ হাওলাদার, হারুন মৃধা, এছাহাক মৃধা, শাহ আলম হাওলাদার, খালেক হাওলাদার, চানবানু বেগমের ঘরসহ ১৭টি ঘর বিধ্বস্ত হয়। মহাসেনের পর মানুষ যখন ঘরবাড়ি ও মাঠের ফসল গোছাতে ব্যস্ত তখন আকস্মিকভাবে এ টর্নেডো আঘাত হানলো। চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল জানান, মহাসেনের তাণ্ডবের ধকল কাটিয়ে উঠার আগেই ছোটশিবা গ্রামে টর্নেডো বয়ে যাওয়ায় স্থানীয়রা বুঝতে পারছেন না যে, তারা এখন কি করবেন।