মেঘনার সাথে লড়ে বেঁচে আছে হাতিয়ার পাঁচ লাখ মানুষ
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫১
নোয়াখালী জেলার একটি পশ্চাদপদ উপজেলা হাতিয়া। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের তীরে মেঘনার কোলে এই ব-দ্বীপের অবস্থান। এর চতুর্দিকে ছোট ছোট ৪০টি চর রয়েছে। হাতিয়া দ্বীপের ৫ লাখ মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে এ দ্বীপে বসবাস করছে। ১৯৬৫, ১৯৭০, ১৯৭৮, ১৯৮৫ ও ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে এ দ্বীপ। এতে বহু মানুষের জীবন গেছে। তবুও দ্বীপের মানুষ সাহসের সঙ্গে বাঁচার লড়াই করে যাচ্ছে। অনেকে এখন নতুন জেগে ওঠা নলির চর, কেয়ারিং চর ও বয়ারচরে বাড়িঘর করছে। কিন্তু এ চরে প্রাকৃতিক দুর্যোগ হতে আত্মরক্ষার কোন ব্যবস্থা নেই।
৫ লাখ মানুষ অধ্যুষিত এ দ্বীপটির আয়তন ২১শ’ বর্গকিলোমিটার। যুগ যুগ ধরে সমুদ্রের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে লড়ে আসছে এ উপকূলীয় অঞ্চলের লোক। ১৯৬৫ সাল থেকে ভাঙ্গন শুরু হয়ে এ পর্যন্ত ৪৫ কিলোমিটার জনপদ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকায় হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশার অবসান হয়নি। এখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালে ২৪ জন ডাক্তারের স্থলে মাত্র ৪ জন কর্মরত আছেন। ফলে সুচিকিত্সাও তাদের কপালে নেই।