খাগড়াছড়ির মানিকছড়িতে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ বন্দুকযুদ্ধ

জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি ছড়া এলাকায় গতকাল বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বন্দুকযুদ্ধে উভয়পক্ষের মধ্যে সহস্রাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত ও উভয় পক্ষের বেশ কিছু সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে প্রথম দিকে খবর রটলেও সেনাবাহিনী ও পুলিশের সূত্রগুলো থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত এর কোন সত্যতা পাওয়া যায়নি। তবে ঘটনার পর পর তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে ২২৬ রাউন্ড গুলির খালি খোসা ও ১৮ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকার দখল নিতে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ মুখোমুখি অবস্থান নিয়েছিল। গতকাল দুর্গম রাঙ্গাপানি ছড়া এলাকায় উভয় দল দুই পাহাড়ে অবস্থান নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার খবর পাওয়ার পর মানিকছড়ি ও লক্ষ্মীছড়ির সেনাবাহিনীর পৃথক দুইটি দল সকাল ১০টা নাগাদ ঘটনাস্থল পৌঁছে এলাকা ঘিরে ফেলছে এমন অবস্থা আঁচ করতে পেরে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা দ্রুত গভীর জঙ্গলে কেটে পড়ে। এ ব্যাপারে ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা গ্রুপ) তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।