তাহেরের রায় নিয়ে আমার বই সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত তথ্য ঠিক নয়
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি দাবি করেছেন, কর্নেল তাহেরের মামলায় হাইকোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে তার বই সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত তথ্য সঠিক নয়। তিনি বলেন, গত ২০ মে হাইকোর্ট বিভাগ কর্নেল তাহেরের বিচারের যে রায় দিয়েছে সেখানে আমার গবেষণামূলক তথ্যভিত্তিক লেখা “ডেমোক্রেসি এন্ড দ্যা চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট:এ স্টাডি অব পলিটিক্স এন্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ” বইটি থেকে যে উদ্ধৃতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আমার বইয়ের কোথাও বলা হয়নি যে, ওই বিচারের ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করতে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার জন্য মনস্থির করেছিলেন। আমার বইয়ে বিষয়টি সেভাবে ছিলো না।
প্রকৃতপক্ষে কর্নেল তাহেরের বিচারের বিষয়ে বইয়ের প্রাসঙ্গিক অংশটি ছিলো নিম্নরূপঃ ......“ কর্নেল তাহেরকে সাজা দেয়ার প্রশ্নে পাকিস্তান প্রত্যাগত অফিসারেরা সব সময় তার মৃত্যুদণ্ড চেয়েছে। এ ব্যাপারে জিয়া ৪৬ জন সিনিয়র সামরিক অফিসারের সঙ্গে আলোচনা করেন এবং সকলেই একবাক্যে তাহেরের জন্য চূড়ান্ত শাস্তির পক্ষে মতামত দেন।” এখানে জিয়া মনস্থির করেছিলেন- এ ধরনের কোন বাক্য আমার বইয়ে নেই।
মওদুদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কর্নেল আবু তাহের আত্মত্যাগ ও সাহসী ভূমিকার জন্য তিনি সকল প্রশংসার দাবিদার। কিন্তু তার বিচারকার্য সম্পন্ন হয়েছে আজ থেকে প্রায় ৪০ বছর আগে। তখনকার রাজনৈতিক, সামাজিক এবং সামরিক প্রেক্ষাপট আজকের চাইতে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এ বিচারকার্যকে তখনকার সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করা দরকার। গতকাল বুধবার ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার মওদুদ এই বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ২০ মে হাইকোর্টের রায় প্রকাশের পর এটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রায়ের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ তার “ডেমোক্রেসি এন্ড দ্যা চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট:এ স্টাডি অব পলিটিক্স এন্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ” বইয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন যে, এই বিচারের ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের তুষ্ট করার জন্য কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার মনস্থির করেছিলেন।