মহাসেনে ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে :হানিফ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ঘূর্ণিঝড় মহাসেনে আক্রান্ত সবাইকে পর্যায়ক্রমে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করায় দুর্যোগকালীন জান-মালের ক্ষতি আশংকার চেয়ে অনেক কম হয়েছে। আমতলী ও তালতলী উপজেলায় গতকাল বুধবার ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সবাই যাতে ত্রাণ সহায়তা পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। এ সময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণের সুদ মওকুফসহ নতুন ঋণের ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটের ইউপি কমপ্লেক্সে গতকাল সকালে তিনি ২৫০ জন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ এক হাজার করে টাকা, ২০ কেজি চাল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এরপর তিনি তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং উপজেলার বড়বগীতে আরো ২৫০ জন কৃষককে ত্রাণসামগ্রী দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক লাইলী বেগম এমপি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।