ব্লুম বার্গের জরিপ

মার্কিন নাগরিকরা তৈরি পোশাক কেনা কমিয়ে দিতে পারেন

বাংলাদেশে রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় সম্ভবত অনেক মার্কিন নাগরিক বাংলাদেশে তৈরি পণ্য কেনা কমিয়ে দেবেন বলে রিপোর্ট করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটির বাংলা সার্ভিস যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ নিউজের এক জরিপের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করে। জরিপটি পরিচালনা করে ‘হ্যারিস পোল’ নামে একটি জরিপ সংস্থা। ১৪ মে হতে ১৬ মে পর্যন্ত দুই হাজার মানুষের ওপর জরিপটি চালানো হয়। জরিপে দেখা যায় অন্তত ৭০ শতাংশ মার্কিন নাগরিক রানা প্লাজা ভবন ধসের ঘটনা জানেন। বাংলাদেশের পোশাক কারখানায় এই দুর্ঘটনার কথা যারা শুনেছেন, তাদের ৩৯ শতাংশ জানিয়েছেন, তারা সম্ভবত বাংলাদেশে তৈরি পণ্য কম কিনবেন। জরিপে দেখা যায় বাংলাদেশের এই ঘটনার নেতিবাচক প্রভাব বেশি পড়েছে মহিলা ক্রেতাদের ওপর। মহিলাদের ৪৩ শতাংশ জানিয়েছেন, তারা বাংলাদেশি পণ্য কম কিনবেন। এর বিপরীতে এই ৩৪ শতাংশ পুরুষ বাংলাদেশি পণ্য কম কেনার কথা জানিয়েছেন। জরিপে উত্তরদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল, পোশাক কেনার আগে তারা এটি কোথায় তৈরি সেই লেবেল দেখে কেনেন কি না। ৪৪ শতাংশ মার্কিন ক্রেতা উত্তর দিয়েছেন, তারা পোশাক কোথায় তৈরি হয়েছে তা দেখেই তারপর সেটি কেনেন। গত ২৪ এপ্রিল বাংলাদেশে রানা প্লাজা ধসে পড়ার পর অন্তত এক হাজার ১২৭ জন এর নিচে চাপা পড়ে মারা যান। এটিকে ভারতের ভূপালে ইউনিয়ন কার্বাইড গ্যাস দুর্ঘটনার পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে। বিবিসি বলছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ পরিবেশ নিয়ে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যেসব নামকরা ব্রান্ড বাংলাদেশে তাদের পণ্য তৈরি করায়, তাদের ওপর চাপ বেড়েছে এরকম ঝুঁকিপূর্ণ কারখানায় পণ্য তৈরি না করানোর জন্য। বেশ কিছু নামকরা ইউরোপীয় ব্রান্ড ইতোমধ্যে বাংলাদেশের কারখানাগুলোর অগ্নি এবং ভবন নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে অর্থ ব্যয়ের অঙ্গীকার করে চুক্তিতে সই করেছে। তবে গ্যাপ, ওয়াল মার্টসহ অনেক মার্কিন কোম্পানি এই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানাচ্ছে।