হেফাজতের নেতা-কর্মীরা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন না
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৩
বিভিন্ন সংবাদ মাধ্যমে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর ১৬৪ ধারায় জবানবন্দি সম্পর্কে প্রকাশিত সংবাদের ব্যাপারে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গতকাল বুধবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতা থেকে নামানো বা বসানোর জন্য ৫ মে ঢাকা অবরোধ করেনি। শান্তিপূর্ণ উপায়ে ১৩ দফা দাবি আদায়ই চলমান আন্দোলনে আমাদের একমাত্র লক্ষ্য ছিল। সরকার পতনের আশা করার অভিযোগ মোটেও সঠিক নয়। ১৮ দলীয় জোট বা অন্য কোনো দল থেকে অর্থ জোগান নেয়ার দাবিও ভিত্তিহীন। আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, হেফাজতে ইসলামের কোনো নেতা-কর্মীই আমার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন না। এবং আমাকে অবহিত করা ছাড়া কোনো কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতাও কাউকে দেয়া হয়নি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত বৈঠকে ঢাকা অবরোধ পরবর্তী মহাসমাবেশ একই দিন নির্ধারিত সময়ে শেষ করার বিষয়টাও ঠিক করা ছিল; কিন্তু ৫ মে দুপুর ২টার পর থেকে হেফাজত কর্মীরা রাজধানীতে সন্ত্রাসী হামলা ও হতাহতের শিকার হওয়ার পর যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে সে দিন আমার পক্ষে মহাসমাবেশে শরীক হওয়া চরম নিরাপত্তাহীন হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষ থেকে বার বারই প্রশাসনকে জানানো হয়েছিল যে, রাতের বেলায় চরম নিরাপত্তাহীন এই পরিস্থিতিতে এতগুলো মানুষকে ছেড়ে দেয়া যায় না। ভোরেই সমাবেশ স্থলে গিয়ে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। সুতরাং পরদিন নেতা-কর্মীদর বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার খাবার সরবরাহ করার কথা ছিল বলে যা বলা হচ্ছে, তা একেবারেই অমূলক।
তিনি স্পষ্ট সংশয় প্রকাশ করে বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছ থেকে রিমান্ডে জোর করেই এমন বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তিনি ১৩ দফা দাবি বাস্তবায়নের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করব, দেশব্যাপী উলামায়ে কেরাম ও আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে।