বাবুনগরীর জবাববন্দি সরকারের শেখানো ও সাজানো
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৩
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বলেছেন, সরকারের শেখানো ও সাজানো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য মাওলানা জুনায়েদ বাবুনগরীর উপর মারাত্মক চাপ প্রয়োগ করা হয়েছে। মানসিক যন্ত্রণা সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ভয়াবহ নির্যাতন কল্পনাও করা যায় না।
গতকাল বুধবার হেফাজতের প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। ‘হেফাজতের ঢাকা মহানগর নেতৃবৃন্দের এক যুক্ত বিবৃতির বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। তিনি ইতিমধ্যেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। পা ফুলে চলার শক্তি হারিয়ে ফেলেছেন। জরুরিভিত্তিতে তার সুচিকিত্সার প্রয়োজন। অন্যথায় তার জীবন নিয়ে সংশয় দেখা দিতে পারে।’
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতের নেতা-কর্মীরা জীবন বিলিয়ে দিতে পারেন। কোন ধরনের জ্বালাও-পোড়াও, ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যা ও সহিংসতার সাথে তাদের ন্যূনতম সম্পর্কও নেই। পুরো বিবৃতিতে হেফাজতের ঢাকা মহানগর কমিটির কোন নেতার নাম নেই।