পাঁচবিবিতে দুই চোরাচালানি বিজিবির গুলিতে নিহত
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৩
গতকাল বুধবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির গুলিতে দুই ফেন্সিডিল চোরাচালানি নিহত হয়েছে। নিহতরা হলো পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাহাদুর মোল্লার ছেলে রানা (২৫) ও একই গ্রামের নঈমুদ্দিনের ছেলে মহিদুল (২২)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চাইনিজ কুড়াল ও অন্য ধারালো অস্ত্রসজ্জিত একদল মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ ভারত থেকে আসার পথে কয়া ক্যাম্প সংলগ্ন কচুগাড়ী নামক স্থানে বিজিবি টহলদলের সদস্যরা ধাওয়া করে। চোরাচালানিরা পাল্টা ধাওয়া করে বিজিবিকে আক্রমণ করে। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থ ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। বিজিবির গুলিতে ২জন চোরাচালানি আহত হয়। আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির একঘন্টা পরেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় ওদের। জয়পুরহাট বিজিবি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার স্থল থেকে ২০০ বোতল ফেন্সিডিল বিজিবি উদ্ধার করে। এ খবর লেখা পর্যন্ত কোন পক্ষেই মামলা হয়নি।