রবির অধিকাংশ শেয়ার ছেড়ে দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান ডোকোমো
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৪
মোবাইল ফোন অপারেটর রবির অধিকাংশ শেয়ার ছেড়ে দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো। তারা আর বাংলাদেশে বিনিয়োগ করবে না বলে জানিয়ে দিয়েছে। এই শেয়ার নিচ্ছে রবির মূল প্রতিষ্ঠান অজিয়াটা বারহাদ। রবিতে অজিয়াটার শেয়ার ছিল ৭০ শতাংশ আর ডোকোমোর শেয়ার ছিল ৩০ শতাংশ। এখন ২২ শতাংশ শেয়ার ছেড়ে দিচ্ছে ডোকোমো। ফলে নতুন এই শেয়ার নেয়ার পর অজিয়াটার শেয়ার দাঁড়াচ্ছে ৯২ শতাংশে। গতকাল বুধবার রবি অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দেন রবির চিফ ফিনান্সিয়াল অফিসার মাহাতাব উদ্দিন আহমেদ।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ডোকোমো বাংলাদেশে রবি অজিয়াটার মাধ্যমে প্রায় ২ হাজার ৬০৭ কোটি টাকা (৩৩০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে। চলতি বছরের প্রথম তিন মাসে রবি’র আয়-ব্যয় ও অগ্রগতির বিষয় তুলে ধরার জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) মতিউল ইসলাম নওশাদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেকোমোর বিনিয়োগ বন্ধের কারণ হিসেবে মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে টেলিকম খাতের নিয়ন্ত্রণে প্রতিকূল পরিবেশের কারণেই তারা এ সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে টুজি লাইসেন্স নবায়ন ফি, থ্রিজি লাইসেন্স নিলাম ফি এবং বিটিআরসিকে দেয়া রাজস্ব থেকে ভ্যাট প্রত্যাহারের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নেতিবাচক মনোভাবের কারণে বিনিয়োগে তারা সম্ভবত আস্থা রাখতে পারছে না। তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে তিন থেকে ছয় মাস লেগে যাবে। তিনি বলেন, গত তিন মাসে রবির গ্রাহকসংখ্যা সার্বিক বিবেচনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এই তিনমাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৮০৬ কোটি টাকা।