ঢাকার সহিংসতায় চট্টগ্রামমুখী হচ্ছেন গার্মেন্টস মালিকরা

ঢাকা ও তার আশপাশে অব্যাহত শ্রমিক অসন্তোষ ও সহিংস ঘটনার কারণে চট্টগ্রামে গার্মেন্টস কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে শিল্পোদ্যোক্তাদের। নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য চট্টগ্রাম ইপিজেডে একতলা ভবনগুলো ছয়তলায় বর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিসিক জানায়, চট্টগ্রামে তাদের যে কয়টি শিল্পাঞ্চল রয়েছে তাতে কোনো প্লট খালি নেই। তবে গ্যাস, বিদ্যুত্ ও পানি সংযোগ সুবিধা রয়েছে এমন বন্ধ থাকা কারখানাগুলোর চড়া মূল্যে মালিকানা হস্তান্তর হচ্ছে। বিজিএমইএ সূত্র জানায়, চট্টগ্রামে আলাদা গার্মেন্টস পল্লী স্থাপনে জোরেশোরে জায়গা খোঁজা হচ্ছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘ঢাকার অনেক গার্মেন্টস মালিক চট্টগ্রামে আসার আগ্রহ দেখাচ্ছে। তবে জায়গা, গ্যাস সংকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবকাঠামো সুবিধা রয়েছে এই ধরনের প্লট ও স্থাপনার মূল্য অনেক বেশি।’ চট্টগ্রামে শিল্পাঞ্চলগুলো হচ্ছে কালুরঘাট, পতেঙ্গা ও ফৌজদারহাট। এছাড়া রয়েছে সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড। এর বাইরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে বেশকিছু শিল্প কারখানা নির্মাণ করা হয়েছে। বর্তমানে বিসিক ও বেপজার নিয়ন্ত্রণাধীন শিল্পাঞ্চলগুলোতে কোনো প্লট খালি নেই। প্রতিদিন নতুন কারখানা স্থাপনের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীরা জায়গার খোঁজে কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করছে। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় কোন প্লট খালি নেই। বর্তমানে ১৭১টি শিল্প কারখানা হয়েছে। এ প্রসঙ্গে বেপজার মহা-ব্যবস্থাপক এসএম আবদুর রশিদ ইত্তেফাককে বলেন, ‘প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি বিনিয়োগকারী জায়গার জন্য যোগাযোগ করছে। তারা গার্মেন্টসসহ বিভিন্ন কারখানা করতে আগ্রহী। নতুন জায়গা দিতে পারছি না। জায়গার সংকট নিরসনের জন্য আপাতত ইপিজেডের একতলা বিল্ডিংগুলো ছয়তলা করা হচ্ছে। ইতিমধ্যে দুটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এতে অনেক বিনিয়োগকারী নতুন কারখানা স্থাপনে সুযোগ পাবে।’ তিনি আরো বলেন, ‘ইপিজেড এলাকার আশপাশে খালি সরকারি জায়গা নেই। ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে। তবে ইপিজেড এলাকা সমপ্রসারণের কোন সিদ্ধান্ত হয়নি।’ কর্ণফুলী ইপিজেডের ম্যানেজার মো. ইকবাল জানান, তাদের কোন প্লট খালি নেই। সবগুলো বরাদ্দ হয়ে গেছে। গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না। কিছু কিছু প্লটের মালিকানা হস্তান্তর হচ্ছে। অন্যদিকে বিসিক চট্টগ্রাম জোনের পরিচালক একেএম জগলুল হক বলেন, ‘বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে মালিকানা হস্তান্তর হচ্ছে। তবে বাইরের কারো কাছে প্লট বা স্থাপনা হস্তান্তরের সুযোগ নেই। গ্যাস, বিদ্যুত্ ও পানি সংযোগ থাকায় অনেকেই বেশি দামে হলেও কিনতে আগ্রহ দেখাচ্ছে। বিসিকের কোন শিল্পাঞ্চলে প্লট খালি নেই।’ গ্যাস ও বিদ্যুত্ সংকটে চট্টগ্রামে গত ৬-৭ বছর ধরে বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। এ প্রসঙ্গে বিনিয়োগ বোর্ড চট্টগ্রামের পরিচালক মাহাবুবুল কবির ইত্তেফাককে বলেন, ‘অনেক দিন ধরে নতুন বিনিয়োগ নিবন্ধন হচ্ছে না। শিল্পাঞ্চলগুলোতে কিছু প্লট ও স্থাপনার মালিকানা হস্তান্তর হচ্ছে। তবে মালিকানা বদলের কাজ বিসিক করে। আমরা নতুন করে তাদের রেজিস্ট্রেশন দিয়ে থাকি।’