রাজশাহীতে যুবলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৬
রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ডাবলুকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে চন্ডীপুর মোড়ের আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গুলিবিদ্ধ হন ডাবলু। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। সারোয়ার হোসেন ডাবলু চন্ডীপুর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।
এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজপাড়া থানা পুলিশ সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী মাহফুজুর রহমানের পিতা সুলতান আলীকে আটক করেছে। অভিযুক্ত মাহফুজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪/৫টি মামলা রয়েছে বলে রাজপাড়া থানার ওসি জানান। নিহত ডাবলুর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ ছিল বলে ওসি জানান।
এর আগে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাবলুর পক্ষের লোকজন মাহফুজুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় চন্ডীপুর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে চন্ডীপুরের বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন ডাবলু। এসময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও আসন্ন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ডাবলু মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে মাহফুজুর রহমানসহ আওয়ামী লীগ সমর্থক তিনজন কাউন্সিলর প্রার্থী হয়েছেন। দলীয় একক কাউন্সিলর প্রার্থী কে হবেন তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই ডাবলুকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা ডাবলুর উপর গুলি বর্ষণকারী মাহফুজুর রহমান, জনি, টনি ও সনিকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। এরা স্থানীয় বিশেষ বাহিনীর সদস্য বলেও দাবি করেন তারা। অন্যদিকে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় একক কাউন্সিলর প্রার্থিতার সমর্থন নিয়ে কোন্দল ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা এবং ঠিকাদারি ও বেটিং চক্রের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ডাবলুকে হত্যা করা হয়ে থাকতে পারে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী অভিযান এবং মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।