ফতুল্লায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে বেতন ভাতা বৃদ্ধি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকালে এন আর সোয়েটারে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের ভেতর ব্যাপক ভাংচুর চালিয়েছে। শ্রমিকদের দাবি, মালিকপক্ষের বহিরাগত সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, প্রতিষ্ঠানের ভেতরে সংঘর্ষ হলেও বাইরে কোন সংঘর্ষ ঘটেনি। ভেতরে ভাংচুর হয়েছে। ফতুল্লার শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের লোকজন শ্রমিকদের উস্কানি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।