ডা. শেজাদী হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ডা. শেজাদী আপসার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, ১৩ মে শেজাদীকে তার সেনাকর্মকর্তা স্বামী লে. কর্নেল শফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। সংবাদ সম্মেলনে শেজাদীর মা জাহানারা জাহান, ভাই ডা. জাভেদ হোসেন, ছোট বোন এডভোকেট ফেরদৌসী আক্তার, ডা. মাকসুদা জাহান ইতি, চিকিত্সক পরিষদ নেতা ডা. আশরাফুল হক, ডা. হোসাইন ইমাম, ডা. নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে ডা. জাভেদ হোসেন বলেন, সেনাবাহিনী তাদের সুবিচারের আশ্বাস দিয়েছে। কিন্তু হত্যা মামলার অপর তিন আসামি শফিকুল ইসলামের ভাই মফিজউদ্দিন, বন্ধু আবুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার সোহেল এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে শেজাদীর সহপাঠীরা ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার করা না হলে তারা আন্দোলনে যাবেন বলে জানান। ডা. জাভেদ বলেন, বিয়ের চার বছরের মাথায় শফিকুল ইসলামের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তারা প্রথম জানতে পারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলে লাইবেরিয়ায় শান্তি মিশন থেকে তাকে ফিরিয়ে আনা হয়। পরে মৌখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে তাকে আবার লাইবেরিয়া যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। দেশে ফিরে আসার পর থেকে শেজাদীর ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করেন শফিকুল। সবশেষ গত ১৩ মে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।