কেরানীগঞ্জে হরতাল পালিত
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৫৯
বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে নতুন করে গ্রেফতার করার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি ডাকা হরতাল চলাকালে বুধবার কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৫জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। হরতাল চলাকালে জিনজিরা, বড়িশুর, খোলামোড়া, আটি বাজার, কলাতিয়া বাজার, হযরতপুরসহ অন্যান্য জায়গায় সকল দোকানপাট বন্ধ ছিল।
সকাল সাতটায় ঘাটার চর এলাকায় বছিলা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এতে বছিলা সেতু দিয়ে ঢাকার মোহাম্মদপুর-আটি বাজার সড়কে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ থাকে। বিএনপি নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।
সাভারে বিএনপি’র ১৬ পিকেটার আটক
সাভার থেকে আমাদের রিপোর্টার জানান, সাভারে হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়ার চেষ্টাকালে পৃথক স্থান থেকে ১৬ জন পিকেটারকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে পেট্রোল, টায়ার ও লাঠি। জব্দ করেছে তাদের ব্যবহূত দুটি প্রাইভেটকার। সাভার মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, ভোর রাতে বলিয়ারপুর, তেতুলঝোড়া ও জোড়পুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ জন বিএনপির পিকেটারকে আটক করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে গাড়িতে আগুন দেয়ার অভিযোগে ধসে পড়া রানা প্লাজার সামন থেকে বিএনপি’র দুই কর্মীকে আটক করে পুলিশ।