ময়মনসিংহের নজরুল

ত্রিশালে, কাজীরসিমলায় তুমি আজও পনেরো বছর বয়সের দুরন্ত কিশোর হয়ে আছো। আজও সেই প্রথম দিনের মতো, তোমার পথের পানে চেয়ে থেমে আছে অশান্ত সময়। হোক না তা ক্ষণস্থায়ী, তবু তুমি এসেছিলে, এই গর্ব আজও তার প্রধান সঞ্চয়। কাজী রফিজউল্ল¬াহ, আপনাকে ধন্যবাদ। ব্রিটিশ রাজত্বে দারোগাবৃত্তির সকল কলুষ থেকে আমরা আপনাকে অব্যাহতি দিচ্ছি। চাকরির ছুটি হলে পর মূল্যবান বিলাস সামগ্রী নিয়ে সবাই যে যার বাড়ি ফেরে, এটাই নিয়ম, স্বাভাবিক; অথচ আপনি, একজন রাজকর্মচারী হয়ে বাড়ি ফেরার সময় আসানসোলের রুটির দোকান থেকে সাথে করে আনলেন এক অদ্ভুত সওদা। পনেরো বছর বয়সের ডাগর চোখ ও ঝাঁকড়া চুলের এক কিশোর শ্রমিক; দুখু মিঞা, আহা কী নামের ছিরি! তবু এক টুকরো পরশ পাথরের মতো আপনার চোখে পড়ল তাকেই। বলিহারি চোখ আপনার! যে লোকটা ১৯২২-এ রাজদ্রোহিতার অভিযোগে অন্য এক দারোগার হাতে গ্রেফতার হবে কুমিল্লায়, ১৯১৪-তেই কী আশ্চর্য স্নেহের কড়ায় বন্দী করে আপনি তাঁকে নিয়ে এলেন কাজীরসিমলায়। আপনি তো জবর দারোগা হে! কাজীতে কাজীতে খুব যথার্থই মিলেছিল বটে। মনে হয় শঠ-পরিবৃত এই বঙ্গদেশে শুধু একবারই শালুক চিনেছিল গোপাল ঠাকুর। ২ খুব তো ছিলেন আসানসোলের রুটির দোকানে এক টাকা মাইনের ছেঁদো কর্মচারী, দারোগা সাবের স্নেহ বদৌলতে হলেন দরিরামপুরের ছাত্র। কিন্তু সেই সুখ সইল না আপনার ভাগ্যে। কার সাধ্য বাঁধে আপনাকে? কার এত প্রেম? হোক না তা যেকোনো শিকল। বিদ্রোহের রক্ত যাকে পায় সে এমনি করেই যায়। ইস্কুলের পাঠ্যসূচি, স্নেহের বাঁধন, আর ত্রিশালের সুনিশ্চিত ডাল-ভাত রেখে কাউকে কিচ্ছুটি না বলে আপনি ময়মনসিংহ ছেড়ে পালিয়ে গেলেন বর্ধমান। বলি, প্রেসিডেন্সি জেলের খাবার, সে কি ভালো ছিল ত্রিশালের চেয়ে? কিংবা কলকাতার ঐসব মোল্ল¬া-পুরোহিতদের অর্বাচীন গালমন্দ? তার অন্ত্রঘাতী ধেনো মদ? ভালোই হয়েছে। আমাদের ক্ষতি হয়নি কিছুই। আমরা পেয়েছি উচ্ছন্ন আবীরে ঢাকা অগ্নিদগ্ধ কালবৈশাখীর রুদ্র আকাশের মতো প্রসারিত এক সাম্যবাদী কবি। আর হতভাগ্য আপনি, পেয়েও হারালেন কবিবত্সল ত্রিশালের এই উন্মুক্ত আকাশ। ৩ সেই থেকে একষট্টি বছর পর, ১৯৭৫-এ আপনার সাথে যখন আমার মুখোমুখি দেখা, তখন তেত্রিশ বছরের মৌন-যন্ত্রণার গহিন নৈঃশব্দ্য বুকে চেপে, নবজাত বাংলাদেশের রাজধানী ঢাকা নগরির পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালের একটি নির্জন কক্ষে ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থনে মগ্ন ছিলেন আপনি। বাইরে গ্রীষ্মের রোদ, ঝাঁ ঝাঁ করছে হাওয়ায়, আর অভ্যন্তরে আপনার কক্ষের দরোজা ঘেঁষে সশস্ত্র পুলিশ পাহারায় রত। দর্শনার্থীদের অনাহুত ভিড় এড়ানোর জন্যই যদিও এ ব্যবস্থা, তবু মনে হলো : এও আপনার আরেক দুর্ভাগ্য। এও এক কারাগার। আমি গেছি অসময়ে, ভর দুপুরবেলায়। হঠাত্, আপনাকে দেখবার খুব ইচ্ছে হলো,তাই। ডেটলের গন্ধে ভরা হাসপাতালের ফাঁকা কোরিডোরে এই কক্ষটির ভিতরে আছেন কাজী নজরুল ইসলাম, ভাবতেই বুকের ভিতরে ঝলকে উঠল একরাশ রক্ত। সেই রক্ত বিদ্রোহের উষ্ণতায় মাখা। পুলিশ বলল—‘এখন হবে না।’ আমি বললাম—‘আলবত্ হবে।’ দৃঢ়চিত্ততার সে কী আশ্চর্য সুফল! খুলে গেল পাষাণ দরোজা। আপনাকে দেখলাম। শুভ্রচাদরে আবৃত বিছানায় উপবিষ্ট এক স্মৃতিভ্রষ্ট কবি, অস্ফুট শব্দের মালা গেঁথে চলেছেন আনমনে। আপনার আনত নয়নে রুদ্র বৈশাখের অস্তোন্মুখ সূর্য, কপালে নির্বাক বলীরেখা, যেন পর্যটক-পদাঘাতে বিদীর্ণ সৈকত। শোকাচ্ছন্ন বক্ষের পিঞ্জরে অব্যক্ত-ব্যথার শ্বাসাঘাত, কণ্ঠে মৃত গানের কোকিল। চকিতে দৃষ্টি ফেরালেন আপনি আগন্তুকের দিকে। শিশুর সারল্যে ধোয়া সেই অসহায় অবাক চাহনি, আহা, কী নিষ্ঠুর ভগবান। হায়, কী করুণ সেই দেখা।