ডোম ও গৌতম বুদ্ধ

ডোমের মাতাল ছুরি বাড়ি বাড়ি কড়া নাড়ে। আমি হাঁটতে বের হই শঙ্খ নিয়ে সমুদ্র ডাকাতদের গোরস্থানে। শহরের চোরাই মার্কেটে বুড়ো নাবিকের দুরবিন বিক্রি হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে হারানো জাহাজের কাপ্তান জানায়, খান বাড়ির সবাই গত রাতে নপুংশক হয়ে গেছে। পোড়া বুদ্ধমূর্তি কাঁধে নিয়ে শীল ভদ্রের বাড়ি যাই ক্যারাম খেলতে। শীল ভদ্র আমাকে আনন্দ বণ্টন করতে বলে। আমি মায়ের কোলে শুয়ে থাকা আমার দেড় বছর বয়সকে ডেকে তুলি। শীল ভদ্রের পোষা কুকুর, বিড়ালকে কিনে দিই ফুলের মালা। টের পাই, সময় অরণ্য-ড্রয়ারে লুকিয়ে রাখা সোনার চাবি খুঁজছে। খুব জোরে কাঁদছে হাজার বছরের পানশালা আর উপাসনালয়। রাজবাড়িগুলো যেন এক-একটা ভাঙা কবর, পৃথিবীর চেয়ে দু-ফিট লম্বা! ডোমের মাতাল ছুরি আমাদের হাসি-তামাসাকে ফলো করছে।